Kolkata Metro

ইদের ছুটিতে কমছে কলকাতা মেট্রো, ব্লু-গ্রিন-ইয়েলো লাইনে বাড়বে অপেক্ষার সময়

তবে ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে ট্রেনের সংখ্যা কমানো হয়েছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ব্লু লাইনে সাধারণ দিনে ২৬০টি মেট্রো চললেও বৃহস্পতিবার চলবে ২৪৬টি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১০:৩১

বৃহস্পতিবার ইদ। রাজ্য সরকারের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল ইদ সরকারি ছুটি হিসেবে পালন করা হবে। আগে ইদের জন্য দু’দিন ছুটি থাকলেও, চলতি বছরে নতুন সরকার ক্ষমতায় আসার পর তা কমিয়ে একদিন করা হয়েছে। সেই কারণেই বৃহস্পতিবার সরকারি ছুটির দিনে কলকাতা মেট্রোর পরিষেবাতেও কিছুটা কাটছাঁট করা হচ্ছে।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ইদের দিন প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন থাকছে না। তবে ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে ট্রেনের সংখ্যা কমানো হয়েছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ব্লু লাইনে সাধারণ দিনে ২৬০টি মেট্রো চললেও বৃহস্পতিবার চলবে ২৪৬টি। একইভাবে সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ এবং হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুট মিলিয়ে গ্রিন লাইনে সাধারণত ২২৮টি মেট্রো চললেও ইদের দিন চলবে ২০৪টি। অন্যদিকে নোয়াপাড়া-বারাসত ভায়া বিমানবন্দর ইয়েলো লাইনে সাধারণ দিনে ১২০টি মেট্রো চললেও বৃহস্পতিবার নামবে মাত্র ৯২টি ট্রেন।

সরকারি ছুটির দিনে অফিসযাত্রীদের ভিড় তুলনামূলক কম থাকায় বাস, ট্রাম, লোকাল ট্রেন ও মেট্রোয় যাত্রীর চাপও অনেকটাই কমে যায়। সেই কারণেই যাত্রী চাহিদার কথা মাথায় রেখে ইদের দিন ট্রেন সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ফলে ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে দু’টি ট্রেনের মধ্যবর্তী সময়ের ব্যবধান কিছুটা বাড়তে পারে।

তবে পার্পল লাইন এবং অরেঞ্জ লাইন পরিষেবায় কোনও পরিবর্তন করা হচ্ছে না। এই দুই রুটে স্বাভাবিক দিনের মতোই মেট্রো চলাচল করবে।


Share