Metro Railway

আবহাওয়ার কারণে রবিবার ব্লু লাইনে মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ বাতিল, স্বাভাবিক পরিষেবা নিয়ে বড় ঘোষণা কর্তৃপক্ষের

শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ জানিয়েছে, খারাপ আবহাওয়া এবং আবহাওয়া দফতরের পূর্বাভাসের কথা মাথায় রেখে রবিবারের রক্ষণাবেক্ষণের কাজ স্থগিত রাখা হচ্ছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৬ ১২:৫২

রক্ষণাবেক্ষণের কাজের জন্য পর পর পাঁচটি রবিবার ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) দীর্ঘ সময় ধরে ভাঙাপথে মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সেই সূচি অনুযায়ী আগামী রবিবার, ২২ নভেম্বরও পরিষেবা নিয়ন্ত্রণের কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এল মেট্রো। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ জানিয়েছে, খারাপ আবহাওয়া এবং আবহাওয়া দফতরের পূর্বাভাসের কথা মাথায় রেখে রবিবারের রক্ষণাবেক্ষণের কাজ স্থগিত রাখা হচ্ছে। ফলে ওই দিন নির্ধারিত সূচি মেনেই ব্লু লাইনের মেট্রো স্বাভাবিকভাবে চলবে।

উল্লেখ্য, সপ্তাহ দেড়েক আগে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিলেন, ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ও ১৩ ডিসেম্বর পরিষেবায় পরিবর্তন আনা হবে। ওই দিনগুলিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা ব্লু লাইনে ভাঙাপথে মেট্রো চলার কথা ছিল। প্রথম চারটি রবিবার অর্থাৎ ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অন্য দিকে, ১৩ ডিসেম্বর শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখার কথা ছিল।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর শহিদ ক্ষুদিরাম ও টালিগঞ্জ স্টেশনের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কাজের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক প্রয়োজন। তাই সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই অংশে মেট্রো চলাচল বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছিল। তবে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকার কথা ছিল।

কিন্তু শুক্রবারের নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ নভেম্বরের জন্য নির্ধারিত ট্রাফিক ও পাওয়ার ব্লক বাতিল করা হয়েছে। খারাপ আবহাওয়া এবং সম্ভাব্য বৃষ্টির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। ফলে রবিবার সকাল ৯টা থেকেই ব্লু লাইনে স্বাভাবিক নিয়মে মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও তা পুরোপুরি থামবে না। রবিবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে অবশ্য বৃষ্টির আশঙ্কা অনেকটাই কমবে বলে পূর্বাভাস। 


Share