Kolkata Metro

মহাকরণ স্টেশনে বিকল স্বয়ংক্রিয় দরজা, গ্রিন লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত, প্রায় ২০ মিনিট ভাঙা পথে চলল ট্রেন

বিভ্রাটের জেরে কলকাতাগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেকেই হাওড়া স্টেশনে বেরিয়ে সড়ক পথে গন্তব্যের দিকে রওনা হয়েছেন।

শিয়ালদহ মেট্রো স্টেশন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১২:৫০

গ্রিন লাইনে মেট্রো বিভ্রাট। হাওড়া থেকে ব্যাহত মেট্রো পরিষেবা। সেই সময় ভাঙাপথে পরিষেবা মিলছে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভগামী পরিষেবা বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে।

মেট্রো রেল সূত্রের খবর, মহাকরণ মেট্রো স্টেশনে একটি সমস্যা দেখা দিয়েছে। সেখানে ডাউন লাইনে একটি স্বয়ংক্রিয় দরজায় সমস্যা দেখা দিয়েছে। তা দেখা দেওয়ায় ডাউন লাইনে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। প্রায় ২০ মিনিট ভাঙাপথে পরিষেবা মিলছে। আপ লাইন দিয়ে আপাতত মেট্রো হাওড়া ময়দানের দিকে পাঠানো হয়। হাওড়া ময়দান থেকে এসপ্লানেডের দিকে পরিষেবা বন্ধ রাখা হয়।

ঘটনাস্থলে মেট্রোর উচ্চপদস্থ আধিকারিকেরা পৌঁছোয়। দরজাটি মেরামতির কাজ শুরু হয়। কী ভাবে বিকল হল তা নিয়ে মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট করেনি। তবে দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন এক আধিকারিক। কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ।

এর একাধিক বার ব্লু-লাইনে প্রযুক্তিগত সমস্যার কারণে পরিষেবা ব্যাহত হয়েছে। তবে গ্রিন লাইনে এমন সমস্যা কার্যত বিরল। এর আগে একবারই গ্রিন লাইনে বিভ্রাট দেখা দিয়েছিল। এই নিয়ে দু’বার অফিস টাইমে বিভ্রাট হল।

বিভ্রাটের জেরে কলকাতাগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেকেই হাওড়া স্টেশনে বেরিয়ে সড়ক পথে গন্তব্যের দিকে রওনা হয়েছেন।


Share