Recovery of Body

কসবায় পরিত্যক্ত অডি গাড়ির ভিতর থেকে উদ্ধার পচাগলা দেহ! অক্টোবর থেকেই দুর্গন্ধ, খুন নাকি দমবন্ধ হয়ে মৃত্যু, তদন্তে পুলিশ

স্থানীয়দের দাবি, অক্টোবর মাস থেকেই ওই এলাকা থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। বৃহস্পতিবার সেই দুর্গন্ধ তীব্র আকার ধারণ করায় পুলিশে খবর দেন তাঁরা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কসবা
  • শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ ০৭:১৪

বৃহস্পতিবার দুপুরে কসবায় রাস্তার ধারের একটি অস্থায়ী গ্যারেজে দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি অডি গাড়ির ভিতর থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হল। স্থানীয়দের দাবি, অক্টোবর মাস থেকেই ওই এলাকা থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। বৃহস্পতিবার সেই দুর্গন্ধ তীব্র আকার ধারণ করায় তাঁরা পুলিশে খবর দেন। স্থানীয়দের সন্দেহ ছিল, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা গাড়িটি থেকেই দুর্গন্ধ বের হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভিতর থেকে দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটির চারটি দরজার মধ্যে তিনটি খোলা এবং একটি বন্ধ ছিল। তবে চারটি দরজার কাচই বন্ধ ছিল। স্থানীয়দের অনুমান, মৃত ব্যক্তি ভবঘুরে ছিলেন। তাঁকে মাঝেমধ্যেই ওই এলাকায় দেখা যেত। গত কয়েকদিন ধরে তাঁকে আর দেখতে পাওয়া যাচ্ছিল না। তাঁদের ধারণা, গাড়ির দরজা খোলা পেয়ে ওই ব্যক্তি ভিতরে ঢুকে থাকতে পারেন। তবে তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন রয়েছে কি না, তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন।

ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ। এটি খুনের ঘটনা, নাকি অসুস্থ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির সমস্ত কাচ বন্ধ থাকায় দমবন্ধ হয়ে মৃত্যুর সম্ভাবনাও তদন্তকারীরা উড়িয়ে দিচ্ছেন না। ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক বিশেষজ্ঞরা বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন।

অন্য দিকে,তদন্তকারীরা গাড়ির মালিকের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছেন। কবে থেকে গাড়িটি ওই গ্যারেজে পড়েছিল, তা জানার চেষ্টা চলছে। পুলিশের প্রাথমিক অনুমান, অক্টোবর মাসেই ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। প্রশ্ন উঠছে, তাঁকে খুন করে গাড়ির ভিতরে ফেলে রাখা হয়েছিল, নাকি নিজেই কোনওভাবে গাড়ির ভিতরে ঢুকে পড়েছিলেন? সব সম্ভাবনা খতিয়ে দেখে পুলিশ ঘটনার রহস্যভেদে তদন্ত শুরু করেছে।


Share