Kali Puja

নিষেধাজ্ঞা উড়িয়ে কালীপুজোয় শব্দবাজির দাপট! কলকাতায় এক রাতেই গ্রেফতার ৫৯২, বাজেয়াপ্ত ২৩৮ কেজিরও বেশি নিষিদ্ধ বাজি

বিশেষ করে শব্দবাজি পোড়ানোর ক্ষেত্রে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে সেই নির্দেশিকার কতটা মানা হল, তা নিয়ে উঠছে প্রশ্ন। নিষেধাজ্ঞা সত্ত্বেও কালীপুজোর রাতে শহরের বিভিন্ন প্রান্তে চলল দেদার শব্দবাজি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ ১১:৪৬

চোরবাগানের ঘটনার পর কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কলকাতা পুলিশ বিশেষ সতর্কতা জারি করেছিল। মণ্ডপের নিরাপত্তা থেকে শুরু করে দর্শনার্থীদের সুরক্ষা, শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ—সব ক্ষেত্রেই একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। বিশেষ করে শব্দবাজি পোড়ানোর ক্ষেত্রে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে সেই নির্দেশিকার কতটা মানা হল, তা নিয়ে উঠছে প্রশ্ন। নিষেধাজ্ঞা সত্ত্বেও কালীপুজোর রাতে শহরের বিভিন্ন প্রান্তে চলল দেদার শব্দবাজি। নিয়ম যেন সীমাবদ্ধ রইল খাতায়-কলমেই।

কালীপুজোর রাতে কলকাতায় মোট ৫৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের মধ্যে ২০৫ জনের বিরুদ্ধে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগ রয়েছে। বাকি ৩৮৭ জনকে বিশৃঙ্খল আচরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট ২৩৮.৬ কেজি নিষিদ্ধ বাজি এবং ৬ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে।

শুধু বাজি নয়, উৎসবের রাতে ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগেও পুলিশ কড়া পদক্ষেপ করেছে। মোট ৫৯৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে হেলমেট না পরে বাইক চালানো বা বাইকে সওয়ার হওয়ার অভিযোগে ৪৫৪ জন, বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে ৭৫ জন এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ৬৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও এলাকাগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

লালবাজার সূত্রে খবর, কালীপুজোর রাতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগেভাগেই শহরের প্রতিটি থানায় বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছিল। প্রতিটি থানার অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জদের নির্দেশ দেওয়া হয়েছিল, পর্যাপ্ত পুলিশকর্মী যেন থানায় উপস্থিত থাকেন। যে কোনও পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছিল।

নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে লালবাজার বিশেষ বাইক বাহিনীকে সক্রিয় রাখার নির্দেশ দিয়েছিল। কোথাও অশান্তি বা গন্ডগোলের খবর এলেই পাঁচ মিনিটের পরিবর্তে মাত্র দুই মিনিটের মধ্যে আধুনিক ও দ্রুতগতির বাইকে ঘটনাস্থলে পৌঁছোতে হবে পুলিশকর্মীদের। পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা থাকলে আগেভাগেই অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশও দেওয়া হয়েছিল।

শহরের প্রতিটি ডিভিশনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন সংশ্লিষ্ট ডেপুটি কমিশনাররা। তাঁদের সঙ্গে সমন্বয় রেখে একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিককে রাস্তায় নজরদারি চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। বড় পুজোমণ্ডপ, গুরুত্বপূর্ণ মোড় থেকে শুরু করে শহরের অলিগলিতেও লাগাতার টহলদারি চলার কথা ছিল।

শব্দবাজি নিয়ন্ত্রণের ক্ষেত্রেও লালবাজার জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা জানিয়েছিল। আদালত ও পরিবেশ সংক্রান্ত নির্দেশিকা অমান্য করে কেউ নিষিদ্ধ শব্দবাজি ফাটালে সঙ্গে সঙ্গে আইনি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছিল। কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের কথায়, নির্দিষ্ট সময়সীমা ও বিধিনিষেধ অমান্য করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শহরবাসীর নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল।

এ ছাড়াও, কন্ট্রোল রুম থেকে গোটা শহরের পরিস্থিতির উপর নজরদারি, লালবাজার ও বিভিন্ন থানায় ২৪ ঘণ্টার বিশেষ টিম মোতায়েন এবং গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও স্পর্শকাতর এলাকায় নাকা চেকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছিল। এত কড়া প্রস্তুতি ও সতর্কবার্তার পরেও কালীপুজোর রাতে শব্দবাজির দাপট যে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি, গ্রেফতারি ও বাজেয়াপ্তির পরিসংখ্যানেই তা স্পষ্ট।


Share