Cyvlone Akvan

আকভান-এর প্রভাবে শহরে দিনভর বৃষ্টি, কন্ট্রোল রুম থেকে চলছে নজরদারি, নিকাশি বিভাগে ছুটি বাতিল কলকাতা পুরসভার

ঘূর্ণিঝড় আকভান-এর প্রভাবে কলকাতায় টানা বৃষ্টি ও জল জমার আশঙ্কায় দুর্যোগ মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা। শহরের পরিস্থিতি সামাল দিতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালুর পাশাপাশি নিকাশি বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

কন্ট্রোল রুম থেকে চলছে নজরদারি
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৬ ১২:৩৫

আকভান মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা। কন্ট্রোল রুম থেকে চলছে নজরদারি। বাতিল করা হয়েছে নিকাশি বিভাগের ছুটিও। ঘূর্ণিঝড় আকভান-এর জেরে বুধবার সকাল থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে। ভোর থেকে সন্ধে পর্যন্ত কখনও হালকা, কখনও তীব্র বৃষ্টিতে শহরবাসীর দৈনন্দিন যাতায়াতে বিঘ্ন ঘটছে।

শুক্রবারও কলকাতায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উড়িষ্যার গোপালপুরের ল্যান্ডফল করবে। ফলত যত ঝড়টি পুরীর দিকে অগ্রসর হবে ততই দক্ষিণবঙ্গে দুর্যোগের মাত্রা বাড়বে। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতাতেও বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে শহরের একাধিক তল্লাটে জল জমার আশঙ্কা দেখা দিয়েছে। 

সম্ভাব্য যেকোনও জরুরি পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুরসভায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে।জরুরি বৈঠকে একাধিক নির্দেশিকা রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, সাফাই অভিযান এবং বিদ্যুৎ সরবরাহ—সব দিক খতিয়ে দেখতে পুরসভায় একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠক থেকেই নিকাশি বিভাগকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে, যেসব এলাকায় জল জমার প্রবণতা রয়েছে, সেখানে দ্রুত জল সরানোর ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে ম্যানহোল খুলে দেওয়ার পাশাপাশি নিকাশি কর্মীদের সরাসরি ঘটনাস্থলে মোতায়েন থাকার কথা বলা হয়েছে। 

নিকাশি নালায় আবর্জনা জমে জল আটকে যাওয়ার আশঙ্কা থাকায় সাফাই কর্মীদেরও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে কোনও অঘটন যাতে না ঘটে, সেজন্য বিদ্যুৎ দফতরের কর্মীরাও শহরের রাস্তায় নজরদারি চালাবেন। দুর্যোগ মোকাবিলায় কলকাতা পুরসভার নিকাশি বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। 

অন্যদিকে, শহরের সার্বিক পরিস্থিতির ওপর ২৪ ঘণ্টা নজরদারি চালানোর জন্য পুরসভার কন্ট্রোল রুম সক্রিয় রাখা হয়েছে। জল জমার প্রবণ এলাকায় বাড়তি সতর্কতা। শহরের যেসব অংশে সাধারণত জল জমে, তার মধ্যে ভবানীপুর, শেক্সপিয়র সরণি, ক্যামাক স্ট্রিট, পার্ক স্ট্রিট এবং ডালহৌসি সংলগ্ন তল্লাটগুলিতে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। নিচু এলাকাগুলো থেকে দ্রুত জল বের করে দেওয়ার জন্য ‘জেড সাকশন’ গাড়ি প্রস্তুত ও মোতায়েন রাখার কথা জানিয়েছে পুরসভা।


Share