Kolkata Airport

টেক অফের মুখে কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক আতঙ্ক! মুম্বইগামী বিমানের ওয়াশরুমের আয়নায় হুমকির বার্তা, নামানো হল সব যাত্রীকে

সকাল ১০টা ২০ মিনিট নাগাদ এয়ার ইন্ডিয়া (ভিস্তারা)-র AI 2772 নম্বরের বিমানে এই ঘটনা ঘটে। কলকাতা থেকে মুম্বই যাওয়ার জন্য প্রস্তুত ওই বিমানের ভিতরে একটি হুমকির চিরকুট উদ্ধার হয়।

নেতাজী সুভাষচন্দ্র বোস বিমানবন্দর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৬ ১২:৫১

কলকাতা বিমানবন্দরে হাইজ্যাক আতঙ্ক। টেক অফের ঠিক আগে মুম্বইগামী বিমানে হাইজ্যাকের হুমকি ঘিরে বুধবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দমদম বিমানবন্দরে। সকাল ১০টা ২০ মিনিট নাগাদ এয়ার ইন্ডিয়া (ভিস্তারা)-র AI 2772 নম্বরের বিমানে এই ঘটনা ঘটে। কলকাতা থেকে মুম্বই যাওয়ার জন্য প্রস্তুত ওই বিমানের ভিতরে একটি হুমকির চিরকুট উদ্ধার হয়। তাতেই আতঙ্ক ছড়ায়।

বিমানবন্দর সূত্রে খবর, এয়ারবাস A320 নিও মডেলের ওই বিমানের ওয়াশরুমের আয়নায় হাইজ্যাক সংক্রান্ত একটি লেখা দেখতে পান কেউ। বিষয়টি নজরে আসতেই পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে সতর্ক করেন। খবর পেয়েই নিরাপত্তা সংক্রান্ত তৎপরতা শুরু হয় বিমানবন্দরে।

এরপর বিমানের সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। বিমানটিকে নিয়ে যাওয়া হয় আইসোলেশন বে-তে। বিমানের ভিতরে কোনও সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু করেন নিরাপত্তাকর্মীরা। আচমকা এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

কীভাবে বিমানের ভিতরে ওই হুমকির বার্তা এল, কে বা কারা সেটি লিখেছেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।


Share