Metro Railway

কালীপুজোয় বাড়ছে মেট্রোর পরিষেবা! ব্লু ও গ্রিন লাইনে বাড়তি ট্রেন, রাত ১১টা পর্যন্ত চলবে মেট্রো

দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়া ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে আগামী ৮ নভেম্বর, রবিবার একাধিক লাইনে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৬ ০৭:৫৪

কালীপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে যাত্রীদের যাতে কোনও অসুবিধায় পড়তে না হয়, তার জন্য বিশেষ উদ্যোগ কলকাতা মেট্রো কর্তৃপক্ষের। দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়া ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে আগামী ৮ নভেম্বর, রবিবার একাধিক লাইনে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা। ব্লু ও গ্রিন লাইনে বাড়তি ট্রেন চালানোর পাশাপাশি সকালের প্রথম এবং রাতের শেষ মেট্রোর সময়েও পরিবর্তন করা হয়েছে। শুক্রবার কলকাতা মেট্রোর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্লু লাইনে মোট ১৫২টি মেট্রো চলবে। এর মধ্যে ৭৬টি আপ এবং ৭৬টি ডাউন ট্রেন। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৪ মিনিটে। শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রোও পাওয়া যাবে সকাল ৮টায়। রাতের পরিষেবাতেও বাড়তি সময় দেওয়া হয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমারগামী শেষ মেট্রোও পাওয়া যাবে রাত ১১টায়।

অন্য দিকে, গ্রিন লাইনে চলবে মোট ১২৩টি মেট্রো, যা সাধারণ দিনের তুলনায় ১২টি বেশি। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে যথাক্রমে সকাল ৮টা এবং ৮টা ২ মিনিটে। দুই দিকেই শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১১টায়।

তবে ইয়েলো লাইনে পরিষেবার সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। এই লাইনে মোট ৭৮টি মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ১৮ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৯টায়। অন্য দিকে, জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী প্রথম মেট্রো সকাল ৯টা ৪০ মিনিটে এবং শেষ মেট্রো রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে।

তবে পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে ওই দিন কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। ফলে কালীপুজোর দিন মেট্রোয় যাতায়াতের পরিকল্পনা করার আগে যাত্রীদের সংশ্লিষ্ট লাইনের সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।


Share