Accident

কালীপুজোর রাতে বাইকবাহিনীর দাপাদাপি, রেষারেষির জেরে মৃত্যু দু’জনের, জখমদের ঘটনাস্থলেই ফেলে দিয়ে চম্পট সঙ্গীদের

তাঁরা উল্টোডাঙা থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাঁদের মধ্যেই মানি স্কোয়ারের কাছে একটি মোটরবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মোটরবাইকে এক যুবক এবং এক তরুণী ছিলেন। বাইকের চাকা পিছলে ছিটকে পড়েন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ ১২:৫৩

কালীপুজোর রাতে বাইকবাহিনীর দাপাদাপি। শহরের রাস্তায় রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলা-সহ দু’জনের।

জানা গিয়েছে, ইএম বাইপাসের মানি স্কয়ারের উল্টো দিকে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের একাংশের দাবি, চারটি বাইক নিজেদের মধ্যে রেষারেষি করছিল। তাঁরা উল্টোডাঙা থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাঁদের মধ্যেই মানি স্কোয়ারের কাছে একটি মোটরবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মোটরবাইকে এক যুবক এবং এক তরুণী ছিলেন। বাইকের চাকা পিছলে ছিটকে পড়েন।

দুমড়ে-মুছড়ে গিয়েছে বাইকটি। ঘটনাস্থলে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ পৌঁছে গুরুতর জখম অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করেছে। সোমবার দেহের ময়নাতদন্ত হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, তাঁদের সঙ্গে বাকি যে তিনটি বাইক ছিল তাঁরা তাঁদের সঙ্গীদের ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে গিয়েছে। পুলিশ বাইকটি বাজেয়াপ্ত করেছে। সিসি ক‍্যামেরার ফুটেজ খতিয়ে দেখে বাকিদের চিহ্নিত করার চেষ্টা করছে বলে জানিয়েছেন বিধাননগর পুলিশের এক কর্তা।

প্রসঙ্গত, কালীপুজোর রাতে কলকাতায় মোট ৫৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের মধ্যে ২০৫ জনের বিরুদ্ধে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগ রয়েছে। বাকি ৩৮৭ জনকে বিশৃঙ্খল আচরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অভিযানে মোট ২৩৮.৬ কেজি নিষিদ্ধ বাজি এবং ৬ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে।


Share