Kali Puja

নিষেধাজ্ঞা উড়িয়ে কালীপুজোয় দেদার বাজি, কলকাতায় ৩২৭ জন গ্রেফতার, ট্র্যাফিক আইন ভেঙে পুলিশের জালে আরও ৮৯০ জন

কালীপুজোর রাতে নিষেধাজ্ঞা অমান্য করে কলকাতার বিভিন্ন প্রান্তে দেদার ফাটল নিষিদ্ধ বাজি। পাশাপাশি চলল পুলিশের ধরপাকড়ও। উদ্ধার হল নিষিদ্ধ বাজি ও বেআইনি মদ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ০৩:২৫

নির্দেশিকা জারি করে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও দমানো গেল না বাজির দাপট। কালীপুজোর রাতে নিষেধাজ্ঞা অমান্য করে কলকাতার বিভিন্ন প্রান্তে দেদার ফাটল নিষিদ্ধ বাজি। পাশাপাশি চলল পুলিশের ধরপাকড়ও। উদ্ধার হল নিষিদ্ধ বাজি ও বেআইনি মদ। তবে গত বছরের তুলনায় এ বার গ্রেফতারির সংখ্যা এবং বাজেয়াপ্ত সামগ্রীর পরিমাণ অনেকটাই কম। পুজোর পরের দিন, সোমবার পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় বাজির দাপট অব্যাহত ছিল।

নিষিদ্ধ বাজি ফাটানো এবং অভব্য আচরণের অভিযোগে সোমবার মোট ৩২৭ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি, ট্র্যাফিক আইন অমান্য করার অভিযোগে ৮৯০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

লালবাজারের পরিসংখ্যান অনুযায়ী, নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে ৭৪ জন এবং অভব্য ও বিশৃঙ্খল আচরণের দায়ে ২৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে ১০৫.১ কেজি নিষিদ্ধ বাজি এবং ৪৬.০৭৫ লিটার চোলাই ও বেআইনি মদ বাজেয়াপ্ত হয়েছে।

অন্য দিকে, উৎসবের মরসুমে বেপরোয়া যান চলাচল এবং ট্র্যাফিক আইন ভাঙার প্রবণতা রুখতে কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগও তৎপর ছিল। সোমবার পথবিধি লঙ্ঘনের অভিযোগে মোট ৮৯০টি মামলা করা হয়েছে। হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে ৩৭৯ জন চালক এবং বাইকের পিছনে হেলমেট ছাড়া বসার জন্য ১৫৬ জন আরোহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগে ১১৬ জন এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর দায়ে ১০০ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে। এ ছাড়াও, অন্যান্য ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে আরও ১৩৯টি মামলা রুজু করেছে পুলিশ।


Share