Metro Railway

এক বছরেও খুলল না কবি সুভাষ মেট্রো স্টেশন! কবি সুভাষ মেট্রো চালু হতে অপেক্ষা ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত

তবে নির্মাণকাজ শেষ হওয়ার পরও পূর্ণমাত্রায় ট্রেন পরিষেবা চালু করতে আরও প্রায় নয় থেকে ১০ মাস সময় লাগতে পারে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, ২০২৭ সালের এপ্রিল বা মে মাস নাগাদ ফের যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়া হতে পারে কবি সুভাষ মেট্রো স্টেশন।

কবি সুভাষ মেট্রো স্টেশন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ১১:২৬

প্ল্যাটফর্মের পিলারে ফাটল ধরা পড়ার জেরে ২০২৫ সালের ২৮ জুলাই থেকে বন্ধ রয়েছে ব্লু-লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশন। নিরাপত্তার স্বার্থে সেদিন থেকেই অনির্দিষ্টকালের জন্য ওই স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে ব্লু-লাইনের দক্ষিণ প্রান্তের টার্মিনাল হিসেবে ব্যবহার করা হচ্ছে শহিদ ক্ষুদিরাম স্টেশনকে। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, আট থেকে ন'মাসের মধ্যে নতুন করে স্টেশন নির্মাণের কাজ শেষ করে পরিষেবা ফের চালু করা হবে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে এক বছর কেটে গেলেও এখনও কবি সুভাষ স্টেশন খুলছে না।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, নতুন স্টেশনের নকশা তৈরির কাজ এ বছরের গোড়াতেই সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই নিউ গড়িয়া তথা কবি সুভাষ স্টেশনের দক্ষিণেশ্বরমুখী প্ল্যাটফর্ম পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে নির্মাণকাজ শেষ হওয়ার পরও পূর্ণমাত্রায় ট্রেন পরিষেবা চালু করতে আরও প্রায় নয় থেকে ১০ মাস সময় লাগতে পারে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, ২০২৭ সালের এপ্রিল বা মে মাস নাগাদ ফের যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়া হতে পারে কবি সুভাষ মেট্রো স্টেশন।

মেট্রো সূত্রের খবর, নতুন প্ল্যাটফর্ম নির্মাণের জন্য প্রয়োজনীয় মোট ৮০টি গভীর পাইলের মধ্যে ইতিমধ্যেই তিনটির কাজ সম্পন্ন হয়েছে। তবে সামনে বর্ষাকাল থাকায় আগামী কয়েক মাস নির্মাণকাজের গতি কিছুটা মন্থর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্ম, ছাউনি এবং রেললাইন অপসারণের কাজ চলছে। নতুন প্ল্যাটফর্মটি আগের তুলনায় ভিন্ন নকশায় তৈরি হবে। এ বার দুই প্ল্যাটফর্মের জন্য আর একটানা ছাউনি থাকবে না, প্রতিটি প্ল্যাটফর্মে থাকবে আলাদা ছাউনি। ফলে সম্পূর্ণ বদলে যাবে কবি সুভাষ মেট্রো স্টেশনের পরিচিত চেহারা। তবে এই পরিবর্তন বাস্তবায়িত হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। ফলে আগামী প্রায় এক বছরও নিউ গড়িয়া এলাকার যাত্রীদের মেট্রো ধরতে শহিদ ক্ষুদিরাম স্টেশনেই যেতে হবে। অর্থাৎ, যাত্রীদের ভোগান্তি আপাতত অব্যাহতই থাকবে। এই অসুবিধা কিছুটা কমাতে নিউ গড়িয়া স্টেশন বন্ধ হওয়ার পর শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের পাশে একটি নতুন অটোস্ট্যান্ড তৈরি করা হয়েছে, যাতে যাত্রীদের যাতায়াত তুলনামূলকভাবে সহজ হয়।

কবি সুভাষ স্টেশন বন্ধ থাকায় এখনও যাত্রীদের অতিরিক্ত ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। স্টেশনে পৌঁছোতে অনেককেই দু’বার অটো বদল করতে হচ্ছে। যদিও শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকেই এখন ট্রেন ঘোরানোর স্থায়ী ব্যবস্থা করা হয়েছে। ফলে মেট্রোর গতি বা পরিষেবায় আর তেমন সমস্যা হচ্ছে না। একমাত্র কবি সুভাষ স্টেশনেই পৌঁছোনো যাচ্ছে না। মেট্রো কর্তৃপক্ষের আগের আশ্বাসে বহু যাত্রী আশা করেছিলেন, চলতি বছরের দুর্গাপুজোর আগেই স্টেশনটি ফের চালু হবে। কিন্তু বর্তমানে যে গতিতে পুনর্নির্মাণের কাজ এগোচ্ছে, তাতে আরও প্রায় এক বছর অপেক্ষা করতে হতে পারে। ফলে আগামী কয়েক মাসও ব্লু-লাইনের দক্ষিণ প্রান্তের টার্মিনাল স্টেশন হিসেবে শহিদ ক্ষুদিরামই থাকবে।

মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান বলেন, “আমরা দ্রুত ওই স্টেশন পুনর্নির্মাণের কাজ চালাচ্ছি। তবে সেই কাজ শেষ হয়ে মেট্রো চলাচল শুরু হতে ২০২৭ সালের এপ্রিল মাস হয়ে যাবে। এই কয়েকমাস যাত্রীদের শহিদ ক্ষুদিরাম থেকেই মেট্রো ধরতে হবে।”


Share