Suicide Death

বালিগঞ্জ স্টেশনে চলন্ত ট্রেনের ছাদে ঝাঁপ! বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেন। চূড়ান্ত ভোগান্তিতে পরের নিত্যযাত্রীরা। যদিও রেলের তরফে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। রেল পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

চরম ভোগান্তিতে যাত্রীরা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৫

শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ স্টেশনে চলন্ত ট্রেনের ওপর ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। ট্রেনের ওভারহেড তারে সংস্পর্শে আসায় মুহূর্তের মধ্যে তাঁর দেহ ঝলসে যায়। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়। চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। 

মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ৭টা নাগাদ অফিস ফেরত যাত্রীদের ভিড়ে ঠাসা বালিগঞ্জ স্টেশনে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকাই এক ব্যক্তি চলন্ত ট্রেনের ছাদের ওপর পড়ে যান। কিছু বুঝে ওঠার আগেই ওভারহেডের 'হাই-ভোল্টেজ' তাড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। 

চোখের সামনেই ওই ব্যক্তির শরীর ঝলসে যায়। ঘটনার ভয়াবহতায় ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রাণভয়ে সবাই ট্রেনের কামরা থেকে হুড়োহুড়ি করে নেমে পড়েন। নিরাপত্তার খাতিরে রেল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ ওভারহেড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। 

খবর পেয়েই রেলপুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব‍্যক্তি আত্মঘাতী হয়েছেন। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সন্ধ্যা সাড়ে ৭টায় এই ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেন। চড়ম ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের। যদিও রেলের তরফে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। রেল পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।


Share