Fake GST Officer

পার্ক স্ট্রিটে জিএসটি আধিকারিক সেজে সোনার গয়না লুটের অভিযোগ, খোয়া গেল প্রায় দু’কেজি সোনা, থানায় মামলা দায়ের

দোকান মালিক সজল পালের দাবি, এর পরেই দোকান থেকে ১০৮টি সোনার চুড়ি এবং ২০টি সোনার বালা নিয়ে তাঁরা চম্পট দেয়। চুরি যাওয়া গয়নাগুলির মোট ওজন প্রায় ১,৯৮১.৭৮০ গ্রাম বলে অভিযোগ করেন তিনি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ ০৬:১৫

ভুয়ো জিএসটি আধিকারিক পরিচয়ে লুটের অভিযোগ উঠল। অভিযোগ, জিএসটি আধিকারিকের পরিচয় দিয়ে প্রায় দু’কেজি সোনা লুট হয়ে গিয়েছে। ঘটনায় পার্ক স্ট্রিটের থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনায় দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্ক স্ট্রিটের কর্নানি ম্যানশনের ১৩৫ নম্বর দোকানে এই লুটের ঘটনা ঘটেছে। ওই দোকানটি একটি সোনার দোকান। গত সোমবার দুপুর দেড়টা নাগাদ গৌতম দাস, শুভম-সহ বেশ কয়েক জন তাঁর দোকানে আসেন। তাঁরা নিজেকে জিএসটি আধিকারিক পরিচয় দেন। দোকানের জিএসটি-তে গোলমাল রয়েছে বলে দাবি করেন। দোকানদারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ারও হুমকি দেন।

দোকান মালিক সজল পালের দাবি, এর পরেই দোকান থেকে ১০৮টি সোনার চুড়ি এবং ২০টি সোনার বালা নিয়ে তাঁরা চম্পট দেয়। চুরি যাওয়া গয়নাগুলির মোট ওজন প্রায় ১,৯৮১.৭৮০ গ্রাম বলে অভিযোগ করেন তিনি। 

চলতি সপ্তাহের মঙ্গলবার তিনি পার্ক স্ট্রিট থানার লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন‍্যায় সংহিতার ৩০৫, ৩১৯(১) এবং ৬১(২) নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দোকানের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। পাশাপাশি, আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দু’জনের গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে। 


Share