Calcutta High Court

১৪ বছরের ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ, এ বার হাই কোর্টে ধাক্কা, শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ

অভিযোগ, গত ১৪ বছর ধরে তিনি একটি ফ্ল্যাট বেআইনি ভাবে দখল করে রেখেছিলেন। গত ৩ জুন ওই ফ্ল্যাটকে কেন্দ্র করে কয়েক জন বিক্ষোভ দেখাতে গেলে তাঁদের মধ্যে কয়েক জনকে মারধরেরও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ০২:৩৪

জামিন মামলায় ধাক্কা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। তাঁর করা মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি মামলাটি থেকে অব্যাহতি নিয়েছেন। ফলে এ বার অন্য বিচারপতির এজলাসে জয়প্রকাশের জামিনের আবেদন শুনানি হবে।

চলতি মাসের গোড়ায় গ্রেফতার হন জয়প্রকাশ মজুমদার। অভিযোগ, গত ১৪ বছর ধরে তিনি একটি ফ্ল্যাট বেআইনি ভাবে দখল করে রেখেছিলেন। গত ৩ জুন ওই ফ্ল্যাটকে কেন্দ্র করে কয়েক জন বিক্ষোভ দেখাতে গেলে তাঁদের মধ্যে কয়েক জনকে মারধরেরও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাঁকে বিধাননগর উত্তর থানায় নিয়ে যায় এবং পরে গ্রেফতার করে।

জয়প্রকাশের বিরুদ্ধে ফ্ল্যাট জবরদখল, বৃদ্ধা মালকিনকে কটূক্তি, হুমকি দেওয়া-সহ একাধিক অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০১২ সালে তিনি ফ্ল্যাটটি ভাড়া নিলেও ২০১৫ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর নতুন করে কোনও চুক্তি বা নবীকরণ করা হয়নি। তা সত্ত্বেও তিনি বেআইনিভাবে ফ্ল্যাটটি দখল করে রেখেছিলেন বলে অভিযোগ।


Share