IPS Transfer

দুর্নীতি দমন শাখায় পাঠানো হল মুরলীধরকে, আরও তিন আইপিএসের বদলিতে সিলমোহর দিল রাজ্য সরকার

আরজি মেডিকেলে ধর্ষণ ও খুনের ঘটনার সময় কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) ছিলেন। তৎকালীন কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে তিনিও বিতর্কে জড়িয়েছিলেন।

তিন জন আইপিএস অফিসারের বদলি করল নবান্ন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ আগস্ট ২০২৬ ০৫:৪৪

তিন আইপিএস অফিসারের বদলি করল নবান্ন। মুরলীধর শর্মাকে পাঠানো হল রাজ‍্য পুলিশের দুর্নীতি দমন শাখায়। শুধু মুরলীধর নন, আকাশ মাঘারিয়া এবং কামনাশিষ সেনকেও দুর্নীতি দমন শাখায় পাঠানো হয়েছে। 

সোমবার দুপুরে স্বরাষ্ট্র ও পার্বত‍্য বিষয়ক দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। মুরলীধর শর্মা এর আগে রাজ্য পুলিশের আইজি ছিলেন। আকাশ মাঘারিয়া আইবির ডিআইজি ছিলেন। অন‍্য দিকে, কামনাশিষ সেন আইবিতে সুপার ছিলেন। তিন জনকেই বদলি করে রাজ‍্য পুলিশের দুর্নীতি দমন শাখা (এসিবি)-তে পাঠানো হয়েছে। এই মূহূর্তে দুর্নীতি দমন শাখায় স্বপন সরকার আইজি রয়েছেন। এই বিভাগকে আরও সক্রিয় করতেই এই বদলি বলে মনে করা হচ্ছে।

আরজি মেডিকেলে ধর্ষণ ও খুনের ঘটনার সময় কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) ছিলেন। তৎকালীন কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে তিনিও বিতর্কে জড়িয়েছিলেন। নির্বাচনের আগে তাঁকে ব‍্যারাকপুরের পুলিশ কমিশনার করা হয়েছিল। তার পরে কিছু দিন তিনি বিধাননগরের কমিশনারের দায়িত্ব সামলেছেন। রাজ্যে আদর্শ আচরণবিধি চালু হলে নির্বাচন কমিশন তাঁকে সরিয়ে দিয়ে ত্রিপুরারী অথর্বকে কমিশনার করে।

সরকার পরিবর্তন হলে আরজি কর কান্ড মামলা নিয়ে বিতর্কিত তিন পুলিশ কর্তা— বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তকে সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে মুরলীধরের ক্ষেত্রে তেমন কোনও পদক্ষেপ করা হয়নি। তাঁকে নির্বাচনের পরে আইবিতে পাঠায় রাজ্য সরকার।

অন‍্য দিকে, কয়লাপাচার কাণ্ডে নাম জড়িয়েছিল আইপিএস অফিসার আকাশ মাঘারিয়ার। বিরোধী দলনেতা থাকাকালীন একাধিক বার আকাশ মাঘারিয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন। রাজ‍্য পুলিশের সদর দফতরের ডিআইজির পদ সামলেছেন। নির্বাচনের পর থেকে তিনি রাজ‍্য পুলিশের আইবিতে ছিলেন। তাঁকে পাঠানো হল রাজ‍্য পুলিশের দুর্নীতি দমন শাখায়।

এ ছাড়াও, নির্বাচনের আগে দীর্ঘদিন হুগলি গ্রামীণের সুপার ছিলেন কামনাশীষ সেন। বিজেপি বিরোধী দলের আসনে থাকাকালীন সেখানকার বিজেপির নেতারা কামনাশীষের বিরুদ্ধেও তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ করেছিলেন। সিঙ্গুরে একটি নার্সিংহোমে স্বাস্থ্যকর্মীর রহস‍্যমৃত্যুর ঘটনাতেও বিতর্কে জড়িয়েছিলেন কামনাশীষ।


Share