High Court

পরমব্রতকে তদন্তে সহযোগিতা করতে হবে, ভোট পরবর্তী সন্ত্রাসে উসকানি মামলায় অভিনেতাকে শর্তসাপেক্ষ রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

টলিউডের কমিউনিস্ট অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের দাবি, যে ধারায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, তা আইনত টেকসই নয়। তাই এফআইআর খারিজের আবেদন জানিয়ে অবকাশকালীন বেঞ্চে মামলা দায়ের করেন।

পরমব্রত চট্টোপাধ্যায়ের মামলার শুনানি হল হাই কোর্টে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ০৪:২৬

ভোট পরবর্তী সন্ত্রাসের উসকানি দেওয়ায় অভিযোগে গড়িয়াহাট থানায় টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে মামলা করেন। হাই কোর্টের নির্দেশ, অভিনেতাকে তদন্তে সহযোগিতা করতে হবে। আগামী চার সপ্তাহ তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না। 

ঘটনার সূত্রপাত পাঁচ বছর আগে ২০২১ সালের ২ মে। তৃণমূলকে সমর্থন জানিয়ে এই কমিউনিস্ট অভিনেতা সমাজমাধ্যমে লিখেছেন, ‘বিশ্ব রগড়ানি দিবস পালন করা হোক।’ এর পরেই তাঁর বিরুদ্ধে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের হয়। নোটিস দিয়ে পরমব্রতকে ডেকে পাঠানো হলেও থানায় হাজিরা এড়িয়ে গিয়েছেন। গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন।

শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায় নির্দেশ, টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে পুলিশের তদন্তে সবরকমের সহযোগিতা করতে হবে। এই মামলার তদন্ত চলবে। তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করা যাবে না। তার সঙ্গে বিচারপতি অজয়কুমার এ-ও জানিয়েছেন, আগামী চার সপ্তাহ পরমব্রতের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা করা যাবে না। চার সপ্তাহের মধ্যে এই মামলা সংক্রান্ত রিপোর্ট পুলিশকে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

টলিউডের কমিউনিস্ট অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের দাবি, যে ধারায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, তা আইনত টেকসই নয়। তাই এফআইআর খারিজের আবেদন জানিয়ে অবকাশকালীন বেঞ্চে মামলা দায়ের করেন। যদিও কলকাতা হাই কোর্টে তাঁর দাবি ধোপে টিকল না। ভোট পরবর্তী সন্ত্রাসের মতো মামলার তদন্ত চালিয়ে যেতে পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়। 

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ফলাফল ঘোষণা হয়েছিল ২ মে। সেই দিনই টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় লিখেছিলেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষণা করা হোক।’ এই ‘উসকানিমূলক’ মন্তব্যের সমর্থন জানিয়ে আরেক অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বলেছিলেন, ‘হা হা হোক হোক হোক’। ঘটনাচক্রে ওই দিনই বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হয়েছিলেন।


Share