Indranil Sen

পুলিশি হেফাজতের মেয়াদ নষ্ট করতে চায় না পুলিশ, ইন্দ্রনীলকে জেল হেফাজতের দাবি মঞ্জুর করল আদালত, দেওয়া হল প্রথম শ্রেণির বন্দির মর্যাদা

ইন্দ্রনীল সেনের আইনজীবী আরও জানান, তাঁর মক্কেল বিভিন্ন ওষুধ খান। শারীরিক অসুস্থতার বিষয়টি দিকটা নিয়েও আদালত বিবেচনা করুক। আদালতের কাছ থেকে সেই সংক্রান্ত নির্দেশ দাবি করেন।

গ্রেফতার ইন্দ্রনীল সেন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৬ ০৭:৩৪

দুর্গাপুজোর টিকিট জালিয়াতি মামলায় রাজ্যের প্রাক্তন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে আগামী ২১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। পুলিশের দাবি, এই মামলায় বিপুল পরিমাণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই নথিগুলি যাচাই করার প্রয়োজন রয়েছে। সেই মর্মে সরকারের কাছ থেকে কিছু কাগজপত্র চাওয়া হয়েছে। কয়েক দিন ছুটি রয়েছে তাই পুলিশি হেফাজতের মেয়াদ তাঁরা শেষ করতে চান না। পাশাপাশি, ইন্দ্রনীল সেনকে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়া হয়েছে।

আদালতে পুলিশের আইনজীবীর দাবি, ইন্দ্রনীলের নামে দুটি অ‍্যাকাউন্ট রয়েছে। তাতে ২৭ লক্ষ টাকা রয়েছে। এই মামলায় টাকার ট্রেল আটকাতে মোট ২৭টি অ‍্যাকাউন্টে থাকা মোট ১০ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। পুলিশের বক্তব্য, শুক্রবার প্রাক্তন প্রতিমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ১৩টি অত‍্যন্ত গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। সেই নথিগুলি যাচাই করে দেখতে সময়ের প্রয়োজন। সেই বিষয়টিকে সামনে রেখে সংশ্লিষ্ট সরকারি দফতর থেকে নথি চাওয়া হয়েছে। সামনে বেশ কয়েক দিন টানা ছুটি রয়েছে। তাই পুলিশি হেফাজতে রাখার মেয়াদ নষ্ট হবে। সেই কারণেই জেল হেফাজতের আবেদন জানানো হয়েছে। তবে তদন্ত বর্তমানে অত‍্যন্ত গুরুত্বপূর্ণ স্তরে রয়েছে। ইন্দ্রনীল সেন জামিনের আবেদনের বিরোধিতা করা হয়েছে।

ইন্দ্রনীল সেনের আইনজীবীর বক্তব্য, কী কারণে প্রাক্তন প্রতিমন্ত্রীকে জেল হেফাজতের আবেদন জানানো হল তা স্পষ্ট নয়। তাঁর দাবি, জেলে হেফাজতে থাকাকালীন তাঁকে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়া হোক। আইনজীবীর বক্তব্য, রাজনৈতিক এবং সামাজিক কারণে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু এবং প্রাক্তন পুলিশ আধিকারিক শান্তনু সিংহ বিশ্বাসকে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়া হয়েছে। সেই সংক্রান্ত নথি আদালতে পেশ করেন তিনি। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।

ইন্দ্রনীল সেনের আইনজীবী আরও জানান, তাঁর মক্কেল বিভিন্ন ওষুধ খান। শারীরিক অসুস্থতার বিষয়টি দিকটা নিয়েও আদালত বিবেচনা করুক। আদালতের কাছ থেকে সেই সংক্রান্ত নির্দেশ দাবি করেন।

বিস্তারিত আসছে…


Share