Indranil Sen

দুর্গাপুজোর টিকিট জালিয়াতি মামলায় গ্রেফতার ইন্দ্রনীল ঘনিষ্ঠ ‘টালা প্রত‍্যয়’-এর শুভ, পোদ্দার কোর্টের একটি অফিস থেকে হেফাজতে নিল পুলিশ

অভিযোগ, ইন্দ্রনীল-শুভরা ‘মাসআর্ট’ সংস্থাকে সামনে রেখে দুর্গাপুজোর জালি পাস বিক্রি করে দর্শনার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ইউনেস্কো-র নাম ভাঙিয়ে সেই টিকিটগুলি বিক্রি করা হয়। প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ ইন্দ্রনীল-সহ তাঁর গোটা পরিবারের অ‍্যাকাউন্টে জমা হয়েছে।

ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ শুভ গ্রেফতার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১০:৫৯

দুর্গাপুজোর টিকিট জালিয়াতি মামলায় অনেক দিন ধরেই পুলিশ তাঁকে খুঁজছিল। অবশেষে ইন্দ্রনীল ঘনিষ্ঠ ব‍্যবসায়ী ধ্রুবজ‍্যোতি বসু ওরফে শুভকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, তাঁকে লালবাজারের সামনেই পোদ্দার কোর্টে একটি অফিস থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ গ্রেফতার করা হয়েছে। শুভ আসার খবর গোপন সূত্রে পেয়ে গোয়েন্দারা অভিযান চালায়। তাতেই পুলিশের জালে ধরা পড়ে শুভ।

দুর্গাপুজোর টিকিট জালিয়াতি মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল রাজ্যের তথ‍্য ও সংস্কৃতি দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ইন্দ্রনীল বর্তমানে ১৩ পর্যন্ত পুলিশের হেফাজতে রয়েছে। বউবাজার থানায় দায়ের হওয়া জালিয়াতি মামলায় ইন্দ্রনীল সেন-সহ এই ধ্রবজ‍্যোতি ওরফে শুভর নামও রয়েছে। কিন্তু কিছুতেই তাঁকে পুলিশ খুঁজে পাচ্ছিল না। অবশেষে তিনি পুলিশের জালে ধরা পড়লেন। বৃহস্পতিবার দুপুরে ধ্রুবজ‍্যোতিকে কলকাতা নগর দায়রা আদালতে হাজির করানো হবে। তাঁকে হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চায়। পুলিশ সূত্রের খবর, হেফাজতে নেওয়ার পরে শুভ আর ইন্দ্রনীলকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। 

ধ্রুবজ‍্যোতি বসু ওরফে শুভ ৬এ খৈলতবাবু লেনের বাসিন্দা। তৃণমূল জমানায় ‘টালা প্রত‍্যয়’-এর পুজো কমিটির মাতুব্বর ছিলেন। ‘মাস আর্টে’-এর সাধারণ সম্পাদকও ছিলেন। তৃণমূল জমানায় প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি ছিলেন। এই কোম্পানিকে সামনে রেখে তিনি দুর্গাপুজোকে ‘বিশ্বের কাছে নিয়ে যাওয়া’ বা ‘বিশ্বকে কলকাতায় নিয়ে আসা হোক’ বলে প্রচার করতেন। কান পাতলে শোনা যায়, তথ‍্য ও সংস্কৃতি দফতরের বিজ্ঞাপনের টাকা কীভাবে দেওয়া হবে তা-ও ইন্দ্রনীলের হয়ে নিয়ন্ত্রণ করতেন। ইন্দ্রনীলের মতো ধ্রুবজ‍্যোতিও ঘনিষ্ঠ মহলে বলতেন, তিনি ‘কমিউনিজম’-এর বিশ্বাসী। বিগত কয়েক বছর ধরে হিন্দুদের ধর্মীয় আচারকে ‘উৎসব’-এ পরিণত করার হোতা ইন্দ্রনীল-শুভরা।

অভিযোগ, ইন্দ্রনীল-শুভরা ‘মাসআর্ট’ সংস্থাকে সামনে রেখে দুর্গাপুজোর জালি পাস বিক্রি করে দর্শনার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ইউনেস্কো-র নাম ভাঙিয়ে সেই টিকিটগুলি বিক্রি করা হয়। প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ ইন্দ্রনীল-সহ তাঁর গোটা পরিবারের অ‍্যাকাউন্টে জমা হয়েছে। বিপুল টাকা হাওয়ালার মাধ্যমে পাচারও হয়ে গিয়েছে বলে পুলিশ সূত্র দাবি করেছে।

অন‍্য দিকে, বুধবারও ইন্দ্রনীল সেনের কন্যা লালবাজারের তলবে আসেননি। বৃহস্পতিবার দুপুর ২টোয় আভেরীকে আবার জিজ্ঞাসাবাদের জন‍্য তলব করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, গতবার শারীরিক অসুস্থতার বাহানা দেখিয়ে আভেরী আসেননি। বুধবারও কেন তিনি আসেননি তার কারণও জানাননি। বৃহস্পতিবারও যদি তিনি না আসেন তা হলে পুলিশ কড়া পদক্ষেপ করতে চলেছে বলে জানা গিয়েছে। 


Share