KMC Election

কলকাতা পুরসভায় সংরক্ষণের চূড়ান্ত তালিকা, মহিলা প্রার্থীদের জন্য ৬৯টি আসন, নির্বাচন প্রস্তুতি আরও একধাপ এগিয়ে গেল

২০৯টি ওয়ার্ডের মধ্যে ১২টি তফসিলি জাতির জন্য এবং মোট ৬৯টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে। তফসিলি জনজাতির জন্য কোনও ওয়ার্ড সংরক্ষিত হয়নি।

কলকাতা পুরসভার ৬৯টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ১০:১৩

কলকাতা পুরসভার আসন্ন নির্বাচনের আগে প্রকাশিত হল আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা। ২০৯টি ওয়ার্ডের মধ্যে ১২টি আসন তফসিলি জাতির জন্য সংরক্ষিত হয়েছে। এর মধ্যে চারটি ওয়ার্ডে শুধুমাত্র তফসিলি জাতির মহিলা প্রার্থীরাই লড়তে পারবেন। তবে তফসিলি জনজাতির জন্য কোনও ওয়ার্ড সংরক্ষিত হয়নি।

বুধবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুর নির্বাচন (আসন সংরক্ষণ) বিধি, ১৯৯৪-এর ৩ নম্বর নিয়ম মেনেই এই তালিকা তৈরি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অভিষেককুমার তিওয়ারি নির্দেশিকাটি জারি করেছেন। এর আগে সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করে আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছিল। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, ২৫, ৩১, ৫২, ৭৫, ১২৫, ১৪৪, ১৫৪, ১৫৮, ১৯২, ১৯৭, ২০০ এবং ২০১ নম্বর ওয়ার্ড তফসিলি জাতির জন্য সংরক্ষিত হয়েছে। এর মধ্যে ২৫, ৭৫, ১৫৪ এবং ১৯৭ নম্বর ওয়ার্ড তফসিলি জাতির মহিলা প্রার্থীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে।

অন্যদিকে, সাধারণ শ্রেণির মহিলা প্রার্থীদের জন্যও একাধিক ওয়ার্ড সংরক্ষণ করা হয়েছে। ১, ৪, ৭, ১০, ১৩, ১৬, ১৯, ২২, ২৬, ২৯, ৩৩, ৩৬, ৩৯, ৪২, ৪৫, ৪৮, ৫১, ৫৫, ৫৮, ৬১, ৬৪, ৬৭, ৭০, ৭৩, ৭৭, ৮০, ৮৩, ৮৬, ৮৯, ৯২, ৯৫, ৯৮, ১০১, ১০৪, ১১০, ১১৩, ১১৬, ১১৯, ১২২, ১২৬, ১২৯, ১৩২, ১৩৫, ১৩৮, ১৪১, ১৪৫, ১৪৮, ১৫১, ১৫৫, ১৫৯, ১৬২, ১৬৫, ১৬৮, ১৭১, ১৭৪, ১৭৭, ১৮০, ১৮৩, ১৮৬, ১৮৯, ১৯৩, ১৯৬, ২০২, ২০৫ এবং ২০৮ নম্বর ওয়ার্ড সাধারণ মহিলা আসন হিসেবে চিহ্নিত হয়েছে। সব মিলিয়ে মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ৬৯।

চূড়ান্ত তালিকা প্রকাশের ফলে ২০৯টি ওয়ার্ডের কোনটিতে কী ধরনের প্রার্থী লড়তে পারবেন, তা এখন স্পষ্ট। ফলে পুরভোটকে সামনে রেখে রাজনৈতিক দলগুলির প্রার্থী বাছাইয়ের হিসাবেও বদল আসতে পারে। দীর্ঘদিন ধরে কোনও নির্দিষ্ট ওয়ার্ডে কাজ করা সম্ভাব্য প্রার্থীদের ক্ষেত্রেও নতুন করে সমীকরণ তৈরি হবে।

সংরক্ষিত ওয়ার্ডগুলিতে মহিলা এবং তফসিলি জাতির প্রার্থী বাছাই নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে আলোচনা বাড়বে বলেই মনে করা হচ্ছে। স্থানীয় নেতৃত্বকেও নতুন তালিকা অনুযায়ী সাংগঠনিক প্রস্তুতি নিতে হবে।

এদিকে, নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ২৮ নভেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোট হতে পারে। ২ ডিসেম্বর ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উৎসবের মরসুম শেষ হওয়ার পরপরই দুই শহরে ভোট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রশাসনিক সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর কলকাতা পুরসভার একটি অনুষ্ঠানে গিয়ে ৭ ডিসেম্বরের মধ্যে পুরসভা নির্বাচিত বোর্ডের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছিলেন। সেই সময়সীমার কথা মাথায় রেখেই রাজ্য নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে বলে সূত্রের খবর।


Share