ISI Agent

পাকিস্তানের গুপ্তচর রানা রউফকে কলকাতায় ‘স্বাগত’ জানায় সেই! তোপসিয়া থেকে গ্রেফতার ইমরান হোসেন, হাজির করানো হবে আদালতে

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এখানে স্লিপার সেল তৈরি করার কাজ করত। সংবেদনশীল তথ্য জোগাড় করতে লোক নিয়োগ করত। তার হয়েই কাজ করত মহম্মদ ইজাজ। তাকে তোপসিয়া থেকে গ্রেফতার করেছিল। ইজাজ রানার সাগরেদ হিসেবে কাজ করত বলেই পুলিশ জানতে পেরেছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ০৩:২৫

পাকিস্তানের গুপ্তচর রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে কাঠমান্ডু থেকে আনার নেপথ্যে মূল মাথাকে গ্রেফতার করল রাজ‍্য পুলিশের এসটিএফ। ধৃতের নাম ইমরান হোসেন। তাকে রবিবার তোপসিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, এই ইমরানই নেপালের কাঠমান্ডু থেকে কলকাতায় রানা রাউফকে এনেছিল। সোমবার ইমরানকে বারাসত আদালতে হাজির করা হবে। এর আগে তোপসিয়া থেকে মহম্মদ ইজাজ আলিকে গ্রেফতার করেছিল এসটিএফ।

গত ১২ অগস্ট উত্তর ২৪ পরগনার হাবরা থেকে রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে এসটিএফ গ্রেফতার করে। পাকিস্তানের আইএসআই গুপ্তচর সন্দেহে তাকে গ্রেফতার করা হয়। পাকিস্তানের নাগরিক হলেও এখানে তোপসিয়ায় বসবাস করছিল। কসবা বিধানসভা কেন্দ্র ৬৬ নম্বর ওয়ার্ডে ভোটার কার্ড বানিয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এখানে স্লিপার সেল তৈরি করার কাজ করত। সংবেদনশীল তথ্য জোগাড় করতে লোক নিয়োগ করত। তার হয়েই কাজ করত মহম্মদ ইজাজ। তাকে তোপসিয়া থেকে গ্রেফতার করেছিল। ইজাজ রানার সাগরেদ হিসেবে কাজ করত বলেই পুলিশ জানতে পেরেছে।

পুলিশ সূত্রের খবর, ইমরান হোসেনকে তোপসিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার বারাসত আদালতে হাজির করানো হবে। তাকে হেফাজতে নিতে চায় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ পেতে চায় পুলিশ। জানা গিয়েছে, ইমরানই রানা রাউফকে কাঠমান্ডু থেকে কলকাতায় এনেছিল। এখানে এসে রানাকে ভুয়ো ভারতীয় কাগজপত্র তৈরি করে দিয়েছিল।

পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর ছক কষেছিলেন রানা। পুলিশ তাঁর পাকিস্তানি পাসপোর্টের নম্বর উদ্ধার করে এবং সেখান থেকেই জানা যায় আসল নাম। অভিযোগ, ভারতে বিএসএফ এবং সেনাবাহিনীর গতিবিধি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে বলা হয় রানাকে। ফোর্ট উইলিয়ামের ছবি, ভিডিয়ো এবং মানচিত্র সংগ্রহের চেষ্টাও করেছিলেন তিনি। এসটিএফ জানতে পারে, বাংলাদেশের সীমান্তে রানার জন্য অপেক্ষায় ছিলেন তাঁর এক সহযোগী পাভেল। তাঁর হদিস মেলেনি। ওই দেশেও রানার কোনও মডিউল তৈরির পরিকল্পনা ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। নিজের মোবাইল তিনি নষ্ট করে দিয়েছিলেন।


Share