Kolkata Municipal Corporation

বেআইনি নির্মাণ ফের শুরু, পুর কমিশনারকে তলব হাই কোর্টের

আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মামলাটি নিয়ে পুরসভার আইনজীবীর গা-ছাড়া মনোভাব এবং প্রয়োজনীয় তথ্য সম্পর্কে অজ্ঞতায় অসন্তোষ প্রকাশ করেই কমিশনারকে তলব করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

পুর কমিশনার স্মিতা পান্ডে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৪৫

বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার পরও একই জায়গায় ফের নির্মাণকাজ শুরু হয়েছে—এই অভিযোগে কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে সশরীরে তলব করল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মামলাটি নিয়ে পুরসভার আইনজীবীর গা-ছাড়া মনোভাব এবং প্রয়োজনীয় তথ্য সম্পর্কে অজ্ঞতায় অসন্তোষ প্রকাশ করেই কমিশনারকে তলব করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

হাই কোর্টের নির্দেশে হাজির হয়ে স্মিতা পাণ্ডে শুনানিতে উপস্থিত হলে প্রধান বিচারপতি মহারাষ্ট্রে তাঁর কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। তিনি জানান, মহারাষ্ট্রে বিএমসি, থানে, কল্যাণ-ডোম্বিভলি ও নভি মুম্বই-সহ একাধিক পুরনিগমের মামলা সামলানোর অভিজ্ঞতায় দেখা গিয়েছে, অনেক সময় কমিশনারদের কাছে মাঠপর্যায়ের সমস্ত তথ্য পৌঁছোয় না। নির্দিষ্ট কিছু তথ্য দিয়েই তাঁদের কার্যত অন্ধকারে রাখা হয়। ফলে শহরের কোথায় কী ঘটছে, তার পূর্ণ চিত্র কমিশনারদের কাছে নাও থাকতে পারে।

আদালতের পর্যবেক্ষণ, এত গুরুতর একটি ঘটনায় পুরসভার আইনজীবীর প্রয়োজনীয় তথ্য না জানার কারণেই পুর কমিশনারকে ডেকে পাঠাতে হয়েছে। আদালত স্পষ্ট করেছে, হাই কোর্টের নির্দেশে কোনও বেআইনি নির্মাণ ভেঙে ফেলার পর সেখানে যাতে ফের কোনও নির্মাণকাজ শুরু না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব পুর প্রশাসনের। ভাঙার পরও একই জায়গায় নির্মাণ শুরু হলে বিষয়টি প্রশাসনের নজরদারি ও পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে।

মামলাটির পরবর্তী শুনানি আগামী ১৪ অক্টোবর। ওই দিন বেআইনি নির্মাণ ভেঙে ফেলা এবং পরবর্তীতে সেখানে পুনরায় নির্মাণ রুখতে রাজ্য ও কলকাতা পুরসভা কী কী পদক্ষেপ করেছে, তার বিস্তারিত ইতিবাচক রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


Share