Assembly Election 2026

‘নির্বাচনের তারিখ ঘোষণার এক্তিয়ার আমার নেই,’ বিধানসভা নির্বাচন নিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন রাজের মুখ্য নির্বাচনী আধিকারিক

রাজ্যে এখনও এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় নির্ধারিত সময়ে নির্বাচন সম্ভব কি না, সেই প্রশ্নের জবাবে মনোজ আগরওয়াল স্পষ্ট করে জানান, নির্বাচন সংক্রান্ত তারিখ ঘোষণা করার ক্ষমতা তাঁর নেই।

রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়াল
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ০৮:০০

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন তালিকায় রয়ে গিয়েছে। এই নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে জোর প্রশ্ন উঠতে শুরু করেছে। কবে ঘোষণা হবে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের নির্ঘণ্ট? কারণ ৭ মে’র মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই প্রেক্ষাপটে শুক্রবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল।

শুক্রবার রাজ্যসভা নির্বাচনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্রের স্ক্রুটিনির পর্যবেক্ষক হিসেবে তিনি বিধানসভায় উপস্থিত ছিলেন। সেই সময়ই সিইও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। রাজ্যে এখনও এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় নির্ধারিত সময়ে নির্বাচন সম্ভব কি না, সেই প্রশ্নের জবাবে মনোজ আগরওয়াল স্পষ্ট করে জানান, নির্বাচন সংক্রান্ত তারিখ ঘোষণা করার ক্ষমতা তাঁর নেই।

তিনি বলেন, “নির্বাচন সংক্রান্ত তারিখ আমি ঘোষণা করি না। আমার কোনও ক্ষমতা নেই। কমিশন আমার সঙ্গে আলোচনাও করবে না।” একই সঙ্গে তিনি আরোও বলেন, “এটা কমিশন বলতে পারবে। কমিশনের প্রতিনিধিরা চারটে রাজ্য ঘুরে এখানে আসছেন। তাঁরাই সিদ্ধান্ত নেবেন।”

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও প্রায় ৬০ লক্ষ নাম অ্যাডজুডিকেশনে থেকে যাওয়া প্রসঙ্গে সিইও বলেন, “এটা তো এসআইআর গাইডলাইনে ছিল না। সুপ্রিম কোর্টে ম্যাটার গিয়েছে। অভূতপূর্ব পরিস্থিতিতে এই অভূতপূর্ব সিদ্ধান্ত নিতে হয়েছে। ৬০ লক্ষের মধ্যে ৬ লাখের নিষ্পত্তি হয়ে গিয়েছে। বাকি কী হবে, সেসব আমরা জানি না। কমিশন এসে সিদ্ধান্ত নেবে। সেটা কী হবে, তা আমরা জানি না।”

তিনি জানান, ওই ৬০ লক্ষের মধ্যে প্রায় ৬ লক্ষ নামের নিষ্পত্তি ইতিমধ্যেই হয়েছে। বাকি নামগুলির কী হবে, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা রাজ্যে এসে পরিস্থিতি খতিয়ে দেখার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

মনোজ আগরওয়াল আরও বলেন, “এ রকম পরিস্থিতি আগে কখনও দেখা যায়নি। যদিও কিছু ক্ষেত্রে শেষ মুহূর্তে অনেক ফর্ম ৬ জমা পড়ে এবং সেগুলির নিষ্পত্তি বাকি থাকে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ফর্ম জমা দেওয়া যায়। তবে সব কেস সবসময় নিষ্পত্তি হয় না। কিন্তু এত বড় সংখ্যায় অ্যাডজুডিকেশন আমি আগে দেখিনি।”

৬০ লক্ষ নাম অমীমাংসিত তালিকায় থাকার পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, সেই প্রশ্নের উত্তরে সিইও জানান, “এরকম নির্দিষ্ট কোনও অভিযোগ এলে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। কিন্তু আমরা এখন এত ব্যস্ত, এখন এই কাজ করব কী অন্য কাজ করব! এখন এত সময় নেই যে ধরে ধরে শাস্তি দেব।”

শুনানিতে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও কেন অনেকের নাম অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছে। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “এইভাবে আমি কিছু বলতে পারব না। ডিইও-র কাছে রিপোর্ট চেয়েছি। তথ্য প্রমাণ অনুসন্ধান করে তবে কিছু বলতে পারব। আমরা আইনগতভাবেই ব্যবস্থা নেব।”


Share