Independence Day

১৩টি জোন, ৮০টি সেক্টর, স্বাধীনতা দিবস উপলক্ষে আঁটোসাঁটো রেড রোডের নিরাপত্তা, থাকবে কেন্দ্রীয় বাহিনী

রেড রোডের শোভাযাত্রায় মোট ১২টি ট‍্যাবলো থাকবে। তার মধ্যে একটি স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের থাকবে। কলকাতা ট্রাফিক পুলিশ এবং পর্যটন দফতর যৌথ উদ‍্যোগে একটি ট‍্যাবলো রেড রোডে থাকছে। রেড রোডের অনুষ্ঠানকে কেন্দ্র করে মেয়ো রোড, কিংসওয়ে, খিদিরপুর রোড, আউটরাম রোড-সহ একাধিক রাস্তা বন্ধ থাকছে।

রেড রোডে ৮০ তম স্বাধীনতা দিবস নিয়ে প্রস্তুতি তুঙ্গে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ আগস্ট ২০২৬ ০৭:৫৮

আগামীকাল ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন করবে গোটা দেশ। রাজধানীর পাশাপাশি কলকাতার নিরাপত্তাও জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, গোটা কলকাতায় তিন হাজারের বেশি পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। সমস্ত আইপিএস অফিসারদের জোন ভাগ করে দায়িত্ব বুঝিয়ে দেওয়া।

লালবাজার সূত্রের খবর, রেড রোডের অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাকে ১৩টি জোনে ভাগ করা হয়েছে। ১৩টি জোনকে মোট ৮০টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনে একজন করে আইপিএস অফিসার থাকবে। গোটা কলকাতা মিলিয়ে তিন হাজারের বেশি বাহিনী থাকবে। বর্তমানে কলকাতায় ছ’কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তার মধ্যে চার কোম্পানি বাহিনী রেড রোডে মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে। লালবাজার সূত্রের আরও খবর, রেড রোডের অনুষ্ঠানমঞ্চকে কেন্দ্র করে ১২টি ওয়াচ টাওয়ার তৈরি হয়েছে। অন্তত ছ’টি সশস্ত্র বাহিনীর থাকার জন্য স‍্যান্ড ব‍্যাঙ্ক টাওয়ার থাকবে।

গত কয়েক দিন আগে ওয়াহাব আলম বলে পাকিস্তানের গুপ্তচর সন্দেহে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তারও আগে হামিম মন্ডল, অদিত‍্য সিংহ এবং অর্পিতা সরকারকে গ্রেফতার করা হয়েছিল। তাঁরাও পাকিস্তানের গুপ্তচর সন্দেহে গ্রেফতার হয়েছিল। ধৃত ওয়াহাব নিজেও তোপসিয়া এলাকায় থেকেছে। আগামীকালের স্বাধীনতা দিবসকে মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থাকে আঁটোসাঁটো করা হয়েছে।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, গতকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন লজ, হোটেল, গেস্ট হাউসগুলিতে স্থানীয় থানার পুলিশ যাচ্ছেন। কখন কারা কোথা থেকে আসছেন তার তালিকা খতিয়ে দেখছেন। যে যে জায়গায় আগে গাঁজা, মাদক বাজেয়াপ্ত করার বেশি ইতিহাস রয়েছে সেই সমস্ত এলাকার তল্লাশি চলছে। প্রতিটি থানাকে গুরুত্বপূর্ণ মোড় গুলিতে রাতে অন্তত দু’ঘন্টা করে নাকা তল্লাশি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কোন সময় নাকা তল্লাশি শুরু হবে তা ঠিক করবে ডেপুটি কমিশনারেরা। গোয়েন্দা বিভাগকে সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

রেড রোডের শোভাযাত্রায় মোট ১২টি ট‍্যাবলো থাকবে। তার মধ্যে একটি স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের থাকবে। কলকাতা ট্রাফিক পুলিশ এবং পর্যটন দফতর যৌথ উদ‍্যোগে একটি ট‍্যাবলো রেড রোডে থাকছে। রেড রোডের অনুষ্ঠানকে কেন্দ্র করে মেয়ো রোড, কিংসওয়ে, খিদিরপুর রোড, আউটরাম রোড-সহ একাধিক রাস্তা বন্ধ থাকছে।


Share