Tala Pipe Leakage

টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে বিপত্তি, জলমগ্ন একাধিক এলাকা, রেললাইনেও জমেছে জল, ঘটনাস্থলে পুরসভার আধিকারিকেরা

টালা ব্রিজের নীচে ৭২ ইঞ্চি ব্যাসের পানীয় জলের পাইপলাইনে বড়সড় লিকেজ। সোমবার সকালে এই ঘটনায় জলমগ্ন বনমালী সরকার স্ট্রিট, বিধান সরণি-সহ উত্তর কলকাতার একাধিক এলাকা।

টালায় পাইপ ফেটে বিপত্তি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ ০৩:২৬

টালা ব্রিজের নীচে জলের পাইপলাইন ফেটে বিপত্তি। ঘটনার জেরে একাধিক এলাকায় জল জমেছে। বিদ‍্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মেরামতির কাজ চলছে। চক্ররেলের লাইনেও জল জমে গিয়েছে। ঘটনাস্থলে পুরসভার আধিকারিকেরা পৌঁছেছে। 

কলকাতা পুরসভা সূত্রের খবর, রেললাইনের নীচে ৩০ ফুট গভীরে রয়েছে পাইপটি। যার ব‍্যাসার্ধ ৭২ ইঞ্চি। ওই পাইপ দিয়ে কলকাতা পুরসভার পানীয় জল সরবরাহ হয়। সোমবার সকালের দিকে টালা রেলব্রিজের ঠিক নীচে ওই বৃহৎ ব্যাসার্ধের পাইপলাইনে বড়সড় লিকেজের ঘটনা ধরা পড়ে। পানীয় জলের পাইপ ফেটে যাওয়ার ফলে বনমালী সরকার স্ট্রিট, ঘোষপাড়া , বিধান সরণি, হাটখোলা-সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় জল জমেছে। পুরসভার তরফে জানানো হয়েছে, সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজাবাজার এলাকা, পার্ক সার্কাস, এজেসি বোস রোড, কলেজ স্ট্রিট, বিধান সরণি, বালিগঞ্জ এবং কসবা এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিতে পারে। 

ঘটনাস্থলে পৌঁছেছেন পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই, বিধায়ক রীতেশ তিওয়ারি এবং পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। কলকাতা পুরসভার উচ্চপদস্থ আধিকারিকেরাও ঘটনাস্থলে মেরামতির কাজে তদারকি করছেন। তাঁরা যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। লিকেজ মেরামতি করে পানীয় জলের সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা তাঁরা করছেন।

পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের দাবি, টালা এই জায়গায় পাইপ লাইনটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। বিগত তৃণমূল সরকারের দিকে নিশানা করে তিনি বলেন, “এই পাইপ লাইনগুলি কোনও কাজেই করেনি। যার ফল সাধারণ মানুষকে ভুক্তে হচ্ছে।যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ চলছে। খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে।“

কলকাতা পুরসভার প্রশাসক তথা কমিশনার স্মিতা পান্ডে ঘটনাস্থল রয়েছেন। তিনি ঘটনাস্থলের পরিদর্শন করে জানিয়েছেন, “কলকাতা পুরসভার পক্ষ থেকে দ্রুততার সঙ্গে মেরামতি কাজ চলছে। সাময়িক ভাবে উত্তর কলকাতা ও মধ্য কলকাতায় জল সরবরাহ আপাতত বিঘ্নিত হতে পারে বলে।”

এই ঘটনার জেরে জলমগ্ন হয়েছে গোটা এলাকা। জল জমে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষের। বাজারহাট থেকে কাজকর্ম— সমস‍্যার অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাঁরা। বৃহৎ ব‍্যাসার্ধের পানীয় জলের পাইপ ফেটে যাওয়ায় কোথাও গোড়ালি পর্যন্ত, আবার কোথাও হাঁটু পর্যন্ত জল রয়েছে। কিছু স্থানীয় বাড়ি ও দোকানপাটের ভিতরেও জল ঢুকে গিয়েছে। এমনকী, রেললাইন জলমগ্ন হয়ে পড়ায় চক্ররেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।


Share