Land Scam

শান্তনু ঘনিষ্ঠ মহম্মদ আলির বাড়ি থেকে আড়াই কেজি সোনা উদ্ধার করল ইডি, জমি দখল মামলায় তল্লাশিতে গিয়ে কান্দির বাড়ি সিল করে দিল কেন্দ্রীয় সংস্থা

শুক্রবার মুর্শিদাবাদের কান্দিতে শান্তনু সিংহ বিশ্বাসের ‘রাজপ্রাসাদ’-এ ইডির আধিকারিকেরা তল্লাশি চালান। সেখানে প্রথমে ঢুকতে না পেরে তালা ভেঙে তদন্তকারীরা প্রবেশ করেন। তদন্ত শেষে বাড়িটি সিল করে দেওয়া হয়েছে জানা গিয়েছে।

কলকাতা পুলিশের প্রাক্তন কর্তা শান্তনু সিংহ বিশ্বাস।
ইন্দ্রজিৎ মল্লিক, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ০২:৩৪

জমি দখলে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগের শান্তনু সিংহ বিশ্বাস ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করল ইডি। পাশাপাশি লক্ষাধিক টাকার নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের কান্দিতে শান্তনু সিংহ বিশ্বাসের ‘রাজপ্রাসাদ’ ইডি সিল করে দিয়েছে। 

শুক্রবার ইডির আধিকারিকেরা কলকাতা-সহ জেলার ন’টি জায়গায় তল্লাশি অভিযান চালায়। ওই দিন সকালবেলায় মার্কুইজ স্ট্রিটে মহম্মদ আলি ওরফে রাজুর বাড়িতে তল্লাশি চালায়। মহম্মদ আলি ওরফে রাজু শান্তনু সিংহ বিশ্বাসের ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, নিউ মার্কেট থানায় থাকাকালীন শান্তনুর এই মহম্মদ আলির সঙ্গে তাঁর পরিচয় হয়। মেছুয়া ফল মার্কেটে অত‍্যন্ত প্রভাবশালী বলেও জানা যায় এই মহম্মদ আলি ওরফে রাজু। ইডি আধিকারিকেরা মনে করছেন, এই মহম্মদ আলি শান্তনুর হ‍্যান্ডলার ছিল। বেআইনি ভাবে অর্জিত শান্তনুর টাকার হ‍্যান্ডলার ছিল এই মহম্মদ আলি। এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। নির্বাচনের সময় তৃণমূল প্রার্থীদের আর্থিক সাহায্য করে বলেও কেউ কেউ দাবি করে।

ইডি সূত্রের খবর, এই মহম্মদ আলির বাড়িতে তল্লাশি চালিয়ে আড়াই কেজি সোনা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় চার কোটি টাকা। পাশাপাশি ১৫ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়াও, প্রচুর ডিজিটাল তথ্যপ্রমাণ উদ্ধার করা হয়েছে। তা বিশ্লেষণ করার কাজ চলছে বলে জানা গিয়েছে।

শুক্রবার মুর্শিদাবাদের কান্দিতে শান্তনু সিংহ বিশ্বাসের ‘রাজপ্রাসাদ’-এ ইডির আধিকারিকেরা তল্লাশি চালান। সেখানে প্রথমে ঢুকতে না পেরে তালা ভেঙে তদন্তকারীরা প্রবেশ করেন। তদন্ত শেষে বাড়িটি সিল করে দেওয়া হয়েছে জানা গিয়েছে।

মহম্মদ আলি ওরফে রাজু ছাড়াও পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের আরেক প্রভাবশালী সাব-ইন্সপেক্টর রুহুল আমিন আলি শাহের কসবা বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। সেখান থেকেও একাধিক কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি রয়েড স্ট্রিটের ক‍্যাফে ফ্লোরিস্তা নামে একটি রেস্তোরাঁয় ইডির আধিকারিকেরা তল্লাশি করেছে। ইডি সূত্রে জানা গিয়েছে, শান্তনু সিংহ বিশ্বাসের কালো টাকা মহম্মদ আলির মাধ‍্যমে এই রেস্তোরাঁয় বিনিয়োগ হয়েছে।

শুক্রবার গভীর রাত পর্যন্ত এই তল্লাশি অভিযান চলে। তার পরে প্রতি জায়গা থেকে ইডির আধিকারিকেরা সেখান থেকে বেরিয়ে যান। ইডি সূত্রে এ-ও জানা গিয়েছে, মহম্মদ আলি ওরফে রাজু এই বিপুল অঙ্কের সোনা এবং নগদ টাকার কোনও হিসেব দিতে পারেননি। কোথা থেকে এই টাকা এল তার খতিয়ে দেখতে তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হতে পারে।


Share