Railway Update

নজিরবিহীন সিদ্ধান্ত! হাওড়া-শিয়ালদহ থেকে বাতিল রাতের দু’টি রাজধানী এক্সপ্রেস, দিল্লিতে যানজটের আশঙ্কায় একাধিক ট্রেনও বাতিল

একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনও বাতিলের তালিকায় রয়েছে। ফলে সপ্তাহান্তে দিল্লি যাওয়ার পরিকল্পনা করা যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ০২:১৫

নজিরবিহীন সিদ্ধান্ত! শুক্রবার রাতের হাওড়া ও শিয়ালদহ থেকে নয়াদিল্লিগামী দু’টি রাজধানী এক্সপ্রেস বাতিল করল পূর্ব রেল। দিল্লিতে ব্যাপক যানজটের আশঙ্কার কথা জানিয়ে ৯ অক্টোবর প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। শুধু রাজধানী এক্সপ্রেস নয়, দিল্লিগামী একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনও বাতিলের তালিকায় রয়েছে। ফলে সপ্তাহান্তে দিল্লি যাওয়ার পরিকল্পনা করা যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ অক্টোবর নয়াদিল্লি রেলওয়ে স্টেশন এবং হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনের আশপাশে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। শুক্রবার রাতে হাওড়া থেকে ছাড়ার কথা থাকা ১২৩০১ নম্বর হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস এবং শিয়ালদহ থেকে ছাড়ার কথা থাকা ১২৩১৩ নম্বর শিয়ালদহ-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ফলে এই দুই ট্রেনে যাঁদের দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল, তাঁদের বিকল্প যাতায়াতের ব্যবস্থা করতে হবে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ অক্টোবর ভোর ৪টে থেকে দুপুর ২টো পর্যন্ত নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছনোর কথা থাকা একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই তালিকায় উত্তরপ্রদেশ থেকে দিল্লিগামী কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনও রয়েছে। তার মধ্যে রয়েছে গোরক্ষপুর-দিল্লি গোরক্ষধাম এক্সপ্রেস, লখনৌ মেল, প্রয়াগরাজ এক্সপ্রেস, লখনৌ-নয়াদিল্লি এসি এক্সপ্রেস, শিবগঙ্গা এক্সপ্রেস, বারাণসী-নয়াদিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস এবং বারাণসী-দিল্লি ফেস্টিভ্যাল স্পেশাল। তবে ট্রেন বাতিলের তালিকা ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে যাত্রীদের রেলের সরকারি ওয়েবসাইট বা হেল্পলাইনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আয়োজিত এই জমায়েতে একাধিক বিরোধী রাজনৈতিক দলের সমর্থন রয়েছে বলে জানা গিয়েছে। বিক্ষোভে যোগ দেওয়ার কথা জানিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি-সহ একাধিক সোশ্যাল ইনফ্লুয়েন্সার। কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য অশান্তি এড়াতে দিল্লি পুলিশ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজধানীতে ২৩ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

বিরোধীদের অভিযোগ, যন্তর মন্তরের বিক্ষোভে সাধারণ মানুষের যোগদান আটকাতেই কেন্দ্রের তরফে নানা পদক্ষেপ করা হচ্ছে। যদিও বিক্ষোভ কর্মসূচির সঙ্গে ট্রেন বাতিলের সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা রেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেনি। রেলের তরফে যানজটের আশঙ্কাকেই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে রাজধানী এক্সপ্রেস-সহ দিল্লিগামী একাধিক ট্রেন বাতিল হওয়ায় শুক্রবার ও শনিবার যাত্রার পরিকল্পনা করা বহু মানুষকে সমস্যায় পড়তে হতে পারে। তাই স্টেশনের উদ্দেশে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ অবস্থার খোঁজ নেওয়ার পরামর্শ দিয়েছে রেল।


Share