Terroist Arrest

মুখ‍্যমন্ত্রী শুভেন্দুর গতিবিধির ওপরে নজরদারি! দেড় আগে ভাড়া ফ্ল্যাট ভাড়া নেয় হামিদ, জয়শ-ই-মহম্মদের সঙ্গে সরাসরি যোগ, কী ভাবে গ্রেফতার?

ধৃত ইসলামিক জঙ্গির নাম হামিদ মন্ডল। বয়স ২৪ বছর। স্থানীয় সূত্রের খবর, হামিদ ওই ফ্ল্যাটে বাবা-মার সঙ্গে থাকত। হামিদ ছাড়াও দু’জন ভাই রয়েছে পরিবারে। দেড় মাস আগে ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল। স্থানীয়দের সঙ্গে খুব একটা বেশি মেলামেশা করত না।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান
  • শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৬ ০২:২০

বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের ইসলামিক জঙ্গি সংগঠনের সদস্য হামিদ মন্ডলকে। সূত্রের খবর, ওই দিন দুপুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে রেনেসাঁ আবাসনের রোহিনি এপার্টমেন্টের দো’তলার একটি ফ্ল্যাটে সাদা পোশাকের কয়েক জন যায়। সেখান থেকেই হামিদকে তুলে নিয়ে যায়।

ধৃত ইসলামিক জঙ্গির নাম হামিদ মন্ডল। বয়স ২৪ বছর। স্থানীয় সূত্রের খবর, হামিদ ওই ফ্ল্যাটে বাবা-মার সঙ্গে থাকত। হামিদ ছাড়াও দু’জন ভাই রয়েছে পরিবারে। দেড় মাস আগে ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল। স্থানীয়দের সঙ্গে খুব একটা বেশি মেলামেশা করত না। কোথায় কাজ করে জিজ্ঞেস করলে কাউকে বলত কলেজছাত্র আবার কাউকে বলত আইটি সংস্থার কর্মী। এই অসঙ্গতিপূর্ণ উত্তরই তদন্তকারীদের ভাবাচ্ছে।

রাজ‍্য পুলিশের এসটিএফ সূত্রে জানা গিয়েছে, এক সময় হাওড়ার পিলখানাতেও ধৃত জঙ্গি হামিদ। পরে নিউ টাউনে যায়। সেখান থেকে বর্ধমান। পুলিশ সূত্রে জানালগিয়েছে, এই হামিদের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে। পাকিস্তানের ইসলামিক জঙ্গি সংগঠন জয়শ-ই-মহম্মদের হ‍্যান্ডলারদের সঙ্গেও যোগাযোগ ছিল। এ ছাড়াও, পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলার ঘটনায় অন‍্যতম মূল অভিযুক্ত শাহজাদ ভাট্টির গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল। পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে, অভিযুক্তের তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তা প্রাথমিক পরীক্ষা করে বিশেষ কিছু অ‍্যাপের সন্ধান মিলেছে। সেই অ‍্যাপের মাধ‍্যমেই বিদেশি হ‍্যান্ডলারদের সঙ্গে যোগাযোগে ছিল ধৃত হামিদ।

এসটিএফের আধিকারিকের প্রাথমিক ভাবে জানতে পেরেছে, রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজর রাখার কাজ ছিল এই হামিদের। মুখ্যমন্ত্রীর গতিবিধি রেকি করেছে। সেই সমস্ত তথ‍্য হ‍্যান্ডলারদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও তদন্তকারীরা মনে করছেন। যা অত্যন্ত উদ্বেগজনক বলেই তাঁরা মনে করছেন। এর পাশাপাশি শাহজাদ ভাটি গোষ্ঠীর হয়ে সদস‍্য জোগাড় করারও কাজ করত এই হামিদ।

এসটিএফ সূত্রে আরও জানা গিয়েছে, হামিদের কাছ থেকে বেশ কিছু পরিচয়পত্র বাজেয়াপ্ত করা হয়েছে। তা প্রাথমিক ভাবে ভুয়ো বলেই মনে করা হচ্ছে। সেইগুলি যাচাই করার জন‍্য সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রিপোর্ট এলেই তা নিয়ে স্পষ্ট হবে বলে তদন্তকারীরা মনে করছে।

ধৃত হামিদ মন্ডলকে শুক্রবার দুপুরে বর্ধমান আদালতে হাজির করানো হবে। হামিদের নেটওয়ার্ক আর কতদূর পর্যন্ত বিস্তৃত রয়েছে, তা জানতে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে তদন্তকারীরা মনে করছেন। তাই আদালতে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। হামিদকে কলকাতায় এসটিএফের দফতরে আনা হতে পারে বলেও জানা গিয়েছে।


Share