High Court

গ‍্যালন গ‍্যালন মামলা হচ্ছে! মিরা বাজারে ডিমকান্ডে মহুয়ার মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ কর দিল কলকাতা হাই কোর্ট, আবেদন মঞ্জুর হল সুজিতের

কয়েক দিন আগে কালীগঞ্জের মিরা বাজার এলাকায় একটি দলীয় বৈঠকে যোগ দিতে যান কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই সময় বাইরে কিছু লোক জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। তিন তলার জানালা লক্ষ্য করে ডিম, বেগুন ছুঁড়তে থাকে বলে অভিযোগ করেন। ওঠে ‘চোর চোর’ স্লোগান।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৬ ০১:২০

নদিয়ার মিরা বাজার এলাকায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ডিম ছোঁড়ার ঘটনায় কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন। একই দিনে মামলা করেছিলেন সুজিত বসু এবং অতীন ঘোষ। নিজ নিজ মামলায় তাঁরা দ্রুত শুনানির দাবি করেছিলেন। মহুয়া মৈত্রের আবেদন হাই কোর্ট খারিজ করে দিয়েছে। তবে সুজিত বসুর মামলার শুনানি মঙ্গলবারই হবে বলে জানিয়েছে হাই কোর্ট। অতীন ঘোষের মামলার শুনানি হতে পারে আগামী বৃহস্পতিবার।

কয়েক দিন আগে কালীগঞ্জের মিরা বাজার এলাকায় একটি দলীয় বৈঠকে যোগ দিতে যান কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই সময় বাইরে কিছু লোক জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। তিন তলার জানালা লক্ষ্য করে ডিম, বেগুন ছুঁড়তে থাকে বলে অভিযোগ করেন। ওঠে ‘চোর চোর’ স্লোগান। ভিডিয়ো করে তিনি দাবি করেন, “বিজেপির কর্মীরা জড়ো হয়েছিল। আমাকে লক্ষ‍্য করে হামলা করা হয়েছে। পুলিশ সব দেখছে। কিছু করছে না। ভিড় সরাতে কোনও পদক্ষেপ করেনি।”

গত শুক্রবার এই ঘটনা নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তা নিয়ে পুলিশ তৎপর। কিন্তু তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ নিস্ক্রিয়। এমন অবস্থায় তিনি আদালতের কাছে  রক্ষাকবচ চেয়েছেন। তাই গ্রেফতারির আশঙ্কা করে মামলাটির দ্রুত শুনানির জন্য আদালতের কাছে দাবি জানান। মহুয়া মৈত্রের তরফে আইনজীবী অয়ন ভট্টাচার্য দ্রুত শুনানির জন‍্য আবেদন করেন। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আর্জি খারিজ করে দিয়েছেন। বিচারপতি ভট্টাচার্য বলেন, “এই ধরণের মামলা গ‍্যালন গ‍্যালন হয়েছে।” বিচারপতি এ-ও জানান, মামলা দায়ের হোক। আদালতের নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই মামলাটির শুনানি হবে।

অন‍্য দিকে, ইডির হাতে পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু গ্রেফতার হয়েছেন। সুজিতের জামিন মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। তাঁর আইনজীবী অভিষেক মনুসিঙ্ঘভি আবেদন করেছেন। তবে আদালত তাঁর আবেদন মঞ্জুর করেছে। মঙ্গলবার দুপুর ২টোর পরে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

আবার জমি দুর্নীতি মামলায় কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের বিরুদ্ধে মামলা এফআইআর হয়েছে। তিনিও আগাম রক্ষাকবচের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। সেই মামলার দ্রুত শুনানির আবেদন জানান। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ আবেদন জানানো হয়। বিচারপতি সেনগুপ্ত বলেন, “এই সমস্ত মামলার জন‍্য সাধারণ মানুষের মামলার শুনানি হচ্ছে না।” তবে অতীনের মামলা আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। 


Share