Calcutta High Court

মিছিল নয়, শর্তসাপেক্ষে সভা! হুগলিতে মমতার কর্মসূচিতে হাই কোর্টের অনুমতি, দু'হাজারের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা

সেই কর্মসূচিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। প্রথমে মিছিল এবং তার পর সভা করার পরিকল্পনা ছিল দলের। কিন্তু পুলিশি অনুমতি না মেলায় বিষয়টি গড়ায় কলকাতা হাই কোর্টে।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৮

হুগলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে সভার আগে কোনও মিছিল করা যাবে না বলে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য কর্মসূচির সময়সীমা-সহ একাধিক শর্তও বেঁধে দিয়েছেন।

আগামী শুক্রবার, ১১ সেপ্টেম্বর কালীঘাট তৃণমূল শ্রীরামপুরের মাহেশে কর্মসূচির আয়োজনের পরিকল্পনা করেছে। সেই কর্মসূচিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। প্রথমে মিছিল এবং তার পর সভা করার পরিকল্পনা ছিল দলের। কিন্তু পুলিশি অনুমতি না মেলায় বিষয়টি গড়ায় কলকাতা হাই কোর্টে।

বৃহস্পতিবার মামলার শুনানিতে শর্তসাপেক্ষে সভার অনুমতি দেয় আদালত। তবে মিছিলের অনুমতি দেওয়া হয়নি। অর্থাৎ নির্ধারিত কর্মসূচিতে সভা করতে পারলেও কালীঘাট তৃণমূল কোনও মিছিল করতে পারবে না। পাশাপাশি, কর্মসূচির সময়সীমা-সহ আদালতের বেঁধে দেওয়া অন্যান্য শর্তও মেনে চলতে হবে আয়োজকদের।

কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে মাহেশ থেকে শ্রীরামপুর আদালত পর্যন্ত প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করা হয়েছিল। এই মিছিলের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। তবে পুলিশ সেই আবেদন মঞ্জুর করেনি। তাদের বক্তব্য ছিল, মিছিল হলে জিটি রোডে যান চলাচল ব্যাহত হতে পারে। এরপরই মিছিলের অনুমতি চেয়ে কালীঘাট তৃণমূল  হাই কোর্টের দ্বারস্থ হয়।

মিছিলের অনুমতি না দিলেও আদালত শর্তসাপেক্ষে সভার অনুমতি দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে সভা করতে পারবেন। দুপুর একটা থেকে বিকেল তিনটে পর্যন্ত এই কর্মসূচি চলবে। তবে সভায় দু'হাজারের বেশি মানুষ জমায়েত করতে পারবেন না বলেও আদালত স্পষ্ট করে দিয়েছে।

বিচারপতি ভট্টাচার্য আরও নির্দেশ দিয়েছেন, সভা থেকে এমন কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না, যাতে কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্যকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করার নির্দেশও দিয়েছে আদালত। পাশাপাশি, কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের নাম ও ফোন নম্বরের তালিকা বৃহস্পতিবার রাত আটটার মধ্যে পুলিশের কাছে জমা দিতে হবে।

মিছিলের অনুমতি না মিললেও শর্তসাপেক্ষে সভা করার অনুমতি পেল কালীঘাট তৃণমূল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে সভা করতে পারবেন। দুপুর একটা থেকে বিকেল তিনটে পর্যন্ত চলবে কর্মসূচি। তবে সভায় দু'টো হাজারের বেশি মানুষের জমায়েত করা যাবে না।

পাশাপাশি, সভা থেকে এমন কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না, যাতে কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে বলে বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তিনি রাজ্যকে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশও দিয়েছেন। কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের নাম ও ফোন নম্বরের তালিকা বৃহস্পতিবার রাত আটটার মধ্যে পুলিশের কাছে জমা দিতে হবে।

বিধানসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচি এত দিন মূলত কলকাতাতেই সীমাবদ্ধ ছিল। শুক্রবার শ্রীরামপুরের মাহেশে সভা করলে, সেটিই হতে চলেছে পালাবদলের পর কলকাতার বাইরে তাঁর প্রথম রাজনৈতিক কর্মসূচি।


Share