Weather Update

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, আপাতত দক্ষিণবঙ্গে গরম-অস্বস্তিতে নাজেহাল জনজীবন

রাজ্যে কার্যত প্রাক-বর্ষার পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে এখনই মিলছে না স্বস্তি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ মে ২০২৬ ০৯:৪৭

রাজ্যে কার্যত প্রাকবর্ষার পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরম ও অস্বস্তি থেকে এখনই মুক্তি মিলছে না।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তরপ্রদেশ থেকে মনিপুর পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে দক্ষিণ বাংলাদেশের ঘূর্ণাবর্ত পর্যন্ত পৌঁছেছে। পাশাপাশি, উত্তরপ্রদেশ থেকে ওড়িশা উপকূল পর্যন্ত আরও একটি অক্ষরেখা ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। এই দুই আবহাওয়া ব্যবস্থার প্রভাবেই রাজ্যে বৃষ্টি ও অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার কিছু অংশে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ দিনাজপুরে ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অতিবৃষ্টির জেরে নীচু এলাকায় জল জমার আশঙ্কা তৈরি হয়েছে। পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে যেতে পারে বলে সড়ক পরিবহণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

অন্য দিকে, দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতিতে নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ।

আজ, শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও পূর্ব বর্ধমান জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে।

 সোমবার থেকে রাজ্যের বেশির ভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হলেও এখনই গরম থেকে স্বস্তি মিলবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী সোম ও মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।


Share