Calcutta High Court

৭ ডিসেম্বর শেষ হচ্ছে রক্ষাকবচ, তার আগেই টুলুর মামলায় কেস ডায়েরি তলব হাই কোর্টের

বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য উঠলে রাজ্যকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়। আগামী ১ ডিসেম্বর, মঙ্গলবার মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, বীরভূম
  • শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ ০১:৩১

বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলের রক্ষাকবচ সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে গেল কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য উঠলে রাজ্যকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়। আগামী ১ ডিসেম্বর, মঙ্গলবার মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের দেওয়া রক্ষাকবচ রয়েছে টুলুর। ফলে আদালত তার আগেই মামলার নিষ্পত্তির দিকে এগোতে চাইছে।

এর আগে গত সপ্তাহেও টুলুর রক্ষাকবচ সংক্রান্ত মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র সে দিন এজলাসে উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে যায়। বৃহস্পতিবার ফের মামলাটি উঠলে বিচারপতি রাজ্যের কাছে টুলুর বিরুদ্ধে থাকা যাবতীয় কেস ডায়েরি তলব করেন। দ্রুত সেগুলি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে রক্ষাকবচ নিয়ে বীরভূমের এই বিতর্কিত পাথর ব্যবসায়ী দেশে ফিরেছেন। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে কোনও দমনমূলক পদক্ষেপ করতে পারবে না। তবে ওই সময়সীমা পেরিয়ে গেলে টুলু গ্রেফতারির আশঙ্কা করছেন। সেই কারণেই তিনি রক্ষাকবচের মেয়াদ সংক্রান্ত বিষয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন।

দেশে ফেরার পর থেকেই টুলুকে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। গত শুক্রবার সিউড়ি থানায় প্রায় ছ’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। এর পর মঙ্গলবার তিনি ফের থানায় হাজিরা দেন। সে দিন প্রায় ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে। বুধবারও প্রায় আড়াই ঘণ্টা সিউড়ি থানায় ছিলেন বীরভূমের এই পাথর ব্যবসায়ী।

শুধু বীরভূমের পুলিশ নয়, সিআইডিও টুলুকে নিয়ে তদন্ত চালাচ্ছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের নারায়ণপুর থানা এলাকায় পাঁচ কোটি টাকা উদ্ধারের ঘটনার তদন্তের সূত্রে সম্প্রতি তাঁকে তলব করা হয়েছিল। সেই মতো টুলু ভবানী ভবনে হাজিরাও দেন। বুধবারও তাঁকে সিআইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বীরভূমের মামলায় থানায় হাজিরা দেওয়ার কারণ দেখিয়ে সে দিনের হাজিরা এড়িয়ে যান তিনি। ফলে একদিকে হাই কোর্টে রক্ষাকবচের ভবিষ্যৎ, অন্য দিকে একাধিক তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদ—সব মিলিয়ে ক্রমেই চাপ বাড়ছে টুলু মণ্ডলের উপর।


Share