Durga Puja

রেড রোডে কার্নিভাল বন্ধ, মহালয়ায় ইডেনে মহা-আয়োজন! পাঁচ হাজার ঢাকির ‘গিনেস’ চমক, মোদী-শুভেন্দুর হুডখোলা গাড়িতে মাঠ প্রদক্ষিণ

বাঙালির শ্রেষ্ঠ উৎসব উদযাপনে রাজ্য সরকার কোনও খামতি রাখতে চাইছে না। মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ঘিরেও চলছে জোর প্রস্তুতি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৪

রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এটাই প্রথম দুর্গাপুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব উদযাপনে রাজ্য সরকার কোনও খামতি রাখতে চাইছে না। মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ঘিরেও চলছে জোর প্রস্তুতি। এই অনুষ্ঠানের আয়োজন সফল করতে রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি রাজ্য সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

আগামী ১০ অক্টোবর ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হবে বিশেষ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির। অনুষ্ঠান ঘিরে শুক্রবার ইডেনের ক্লাবহাউসে দীর্ঘক্ষণ বৈঠক হয়। বৈঠকে অনুষ্ঠান পরিচালনা, নিরাপত্তা এবং অন্যান্য আয়োজন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা নেওয়া হয়েছে।

সূত্রের খবর, মহালয়ার দিন প্রায় দেড় ঘণ্টা ইডেনে থাকবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে চলেছে তাঁদের হুডখোলা গাড়িতে গোটা মাঠ প্রদক্ষিণ। সেই সঙ্গে মহালয়ার অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার ঢাকিকে হাজির করার পরিকল্পনা রয়েছে। একসঙ্গে এত জন ঢাকিকে একটি অনুষ্ঠানে এনে ‘গিনেস বুক অফ রেকর্ডস’-এ নাম তোলারও চেষ্টা করা হচ্ছে বলে সূত্রের খবর।

মহালয়ার অনুষ্ঠানে থাকছে বিশেষ সঙ্গীতানুষ্ঠানও। পারফর্ম করার কথা রয়েছে লগ্নজিতা চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী এবং বাংলা ব্যান্ড দোহার। গোটা অনুষ্ঠানের পরিকল্পনা করছেন সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র।

শুধু মহালয়ার অনুষ্ঠানেই থেমে থাকছে না রাজ্য সরকারের পরিকল্পনা। বিজয়া দশমী পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে ধারাবাহিক অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। সেই কর্মসূচির সূচনা হবে মহালয়ার দিন ইডেন থেকেই। সিএবি-র আশা, মহালয়ার এই বিশেষ আয়োজনের মাধ্যমে দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্তরে আরও বেশি করে তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে এই অনুষ্ঠানের হাত ধরে নতুন মাত্রা পাবে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সও।

এই বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব বরুণ কুমার রায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সৌমিত্র মোহন, মিউনিসিপাল কমিশনার স্মিতা পাণ্ডে, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এবং সিএবি-র কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। এ ছাড়াও, কলকাতা পুলিশ, পর্যটন বিভাগ, তথ্য ও সম্প্রচার বিভাগ, পরিবহণ, বিদ্যুৎ, স্বাস্থ্য, ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের বিভিন্ন পদস্থ কর্তারা হাজির ছিলেন।

সঞ্জয় দাস বলেছেন, “আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি যে, আমাদের বড় ম‍্যাচ আয়োজনের দক্ষতা রয়েছে। বড় ম‍্যাচে ভিড় নিয়ন্ত্রণ, প্রশাসনিক এবং সাংগঠনিক ব্যাপারগুলো ভাল ভাবেই সামলানো গিয়েছে। এরকম বড় অনুষ্ঠানে আমাদের তরফ থেকে সব রকম সহযোগিতা পাওয়া যাবে। আশা করা যায় খুব ভাল অনুষ্ঠান হবে।”

উল্লেখ্য, বিগত সরকারের আমলে দুর্গাপুজোর বিসর্জন উপলক্ষে রেড রোডে শুরু হয়েছিল ‘কার্নিভাল’। তবে এ বার সেই আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। তার বদলে মহালয়াকে কেন্দ্র করে নতুন অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে সরকার। আর সেই অনুষ্ঠান ঘিরেই সেজে উঠছে ইডেন গার্ডেন্স।


Share