Railway Update

শহরতলির নিত্যযাত্রীদের জন্য সুখবর, ১ অক্টোবর থেকে একাধিক এসি লোকালে বাড়ল স্টপেজ

পাশাপাশি রানাঘাট-শিয়ালদহ রুটের তিনটি স্টেশনে অতিরিক্ত স্টপেজের পরীক্ষামূলক মেয়াদও বাড়ানো হয়েছে। রেল সূত্রে খবর, এই পরীক্ষামূলক স্টপেজ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চালু থাকবে।

১ অক্টোবর থেকে একাধিক এসি লোকালে বাড়ল স্টপেজ
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার
  • শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৯

শহরতলির নিত্যযাত্রীদের জন্য বড় সুবিধা। আগামী ১ অক্টোবর থেকে শিয়ালদহ ডিভিশনের একাধিক এসি ইএমইউ লোকালে নতুন করে স্থায়ী স্টপেজ চালু হচ্ছে। পাশাপাশি রানাঘাট-শিয়ালদহ রুটের তিনটি স্টেশনে অতিরিক্ত স্টপেজের পরীক্ষামূলক মেয়াদও বাড়ানো হয়েছে। রেল সূত্রে খবর, এই পরীক্ষামূলক স্টপেজ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চালু থাকবে।

রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদহগামী ৩৩৭৬২ নম্বর এসি লোকাল এ বার থেকে গোপালনগর এবং বামনগাছি স্টেশনে স্থায়ী ভাবে দাঁড়াবে। ট্রেনটি গোপালনগরে সকাল সাতটা ৩৪ মিনিট থেকে সাতটা ৩৫ মিনিট পর্যন্ত এবং বামনগাছিতে সকাল আটটা ৪৩ মিনিট থেকে আটটা ৪৪ মিনিট পর্যন্ত দাঁড়াবে। শিয়ালদহে পৌঁছোবে সকাল ন'টা ৩৮ মিনিটে।

উল্টো দিকে, ৩৩৭৬১ নম্বর শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এসি লোকাল শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে ছাড়বে। বামনগাছিতে ট্রেনটির স্টপেজ সন্ধ্যা সাতটা দু'মিনিট থেকে সাতটা তিন মিনিট এবং গোপালনগরে রাত আটটা ১৯ মিনিট থেকে আটটা ২০ মিনিট। রানাঘাটে পৌঁছোবে রাত আটটা ৪৩ মিনিটে।

এ ছাড়াও, ৩১৬৩৭ নম্বর শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল ইছাপুর, হালিশহর এবং সিমুরালিতে থামবে। ইছাপুরে সন্ধ্যা সাতটা ৩২ মিনিটে, হালিশহরে সাতটা ৫৪ মিনিটে এবং সিমুরালিতে রাত আটটা ১২ মিনিটে ট্রেনটির স্টপেজ রয়েছে।

অন্য দিকে, ৩১৬৩৮ নম্বর রানাঘাট-শিয়ালদহ এসি লোকাল সিমুরালিতে সকাল আটটা ৪৫ মিনিটে, হালিশহরে সকাল ন'টা দু'মিনিটে এবং ইছাপুরে সকাল ন'টা ২৩ মিনিটে দাঁড়াবে।

রেলের এই সিদ্ধান্তে শিয়ালদহ, রানাঘাট, বনগাঁ এবং সংলগ্ন এলাকার নিয়মিত যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে কর্মসূত্রে প্রতিদিন যাতায়াত করা যাত্রীদের জন্য নতুন স্টপেজগুলি গুরুত্বপূর্ণ হতে পারে। তবে ট্রেনে ওঠার আগে যাত্রীদের সর্বশেষ সময়সূচি এবং স্টেশন ঘোষণার দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে রেল। 


Share