Suvendu Adhikari

সরকারি বিজ্ঞাপনে মা দুর্গার ১১টি হাত! দফতরের ভুলের জন‍্য ক্ষমা চাইতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী, আধিকারিকদের সতর্ক করলেন শুভেন্দু অধিকারী

একই সঙ্গে জানান, যাঁরা এই বিজ্ঞাপনের দায়িত্বে ছিলেন, তাঁদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। পাশাপাশি, এই সব ক্ষেত্রে ভবিষ্যতে সরকার আরও যত্নবান হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৮

সংবাদমাধ্যমে প্রকাশিত সরকারি বিজ্ঞাপনে মা দুর্গার ১১টি হাত নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এ বার সেই বিজ্ঞাপন প্রকাশের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমা চাইলেন। একই সঙ্গে বিজ্ঞাপনটিকে ‘ত্রুটিপূর্ণ’ বলেও তিনি স্বীকার করেন। তিনি মনে করেন, সরকারি আধিকারিকদের এমন ভুল যে অনভিপ্রেত। বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

সোমবার মিলনমেলা প্রাঙ্গণে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের পর বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই মুখ্যমন্ত্রী বিতর্কিত বিজ্ঞাপনের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “আজকের একটা ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন বেরিয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।” সরকারি আধিকারিকদের তরফে এমন ভুল অনভিপ্রেত বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়। সরকারের এমন ভুলে ‘ড‍্যামেজ কন্ট্রোল’ করতে মুখ্যমন্ত্রীকে আসরে নামতে হয়েছে। এটা যে ভুল হয়েছে তা মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। একই সঙ্গে জানান, যাঁরা এই বিজ্ঞাপনের দায়িত্বে ছিলেন, তাঁদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। পাশাপাশি, এই সব ক্ষেত্রে ভবিষ্যতে সরকার আরও যত্নবান হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

সোমবার সকালে একাধিক সংবাদপত্রে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে দুর্গাপুজো উপলক্ষে ‘প্রস্তুতি ও সমন্বয় বৈঠক’-এর বিজ্ঞাপন প্রকাশিত হয়। বিজ্ঞাপনের একেবারে ওপরে ছিল দুর্গার একটি ছবি। সেই ছবিতে মা দুর্গার ১১টি হাত দেখা যায়। বিজ্ঞাপনের বাঁ দিকে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং ডান দিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি। বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় তুমুল বিতর্ক। বিরোধীরা শাসকদল বিজেপিকে নিশানা করা হয়। মায়ের ১১ হাতের ছবি নিয়েও কটাক্ষ শুরু হয়। সমাজমাধ্যমে ওই বিজ্ঞাপনের ছবি পোস্ট করে তিনি লেখেন, “থিম হবে না, বিকৃত হবে না... গাদাখানেক হুমকি ও আচরণবিধি তো দেখলাম। কিন্তু সরকারি বিজ্ঞাপনে মায়ের ১১টি হাত হল কী করে? দশভুজা ২০২৬-এ একাদশভুজা হয়ে গেলেন কোন শাস্ত্র অনুসারে?”

‘বিতর্কিত’ বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর থেকেই বিজেপির তরফে সেটিকে ‘ত্রুটিপূর্ণ’ বলে দাবি করা হয়েছিল। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিজ্ঞাপন সংস্থার তরফে ভুল হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে অযথা রাজনীতি না করারও আবেদন জানিয়েছিলেন তিনি। এ বার সেই ‘ত্রুটিপূর্ণ’ বিজ্ঞাপনের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি ক্ষমা চাইলেন। সোমবার দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর এই ক্ষমাপ্রার্থনে বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে জল্পনায় নতুন মাত্রা যোগ হল।


Share