Transparent Work Revolution

১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগের পর বড় পদক্ষেপ! পশ্চিমবঙ্গে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পে জিও-ফেন্সিং নজরদারি

সেই লক্ষ্যেই চালু করা হচ্ছে 'জিও ফেন্সিং' প্রযুক্তি। সহজভাবে বলতে গেলে, যেখানে কাজ হবে সেই নির্দিষ্ট এলাকাকে ডিজিটালভাবে চিহ্নিত করে ভার্চুয়াল সীমানার মধ্যে রাখা হবে, যাতে প্রকল্পের কাজ ও উপস্থিতি আরও নির্ভুলভাবে পর্যবেক্ষণ করা যায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ১২:৫২

১০০ দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরেই রাজ্যে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল। সরকার পরিবর্তনের পর এবার পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প। এই প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দুর্নীতির সম্ভাবনা রুখতে প্রযুক্তিনির্ভর নজরদারির পথে হাঁটছে সরকার। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা জেলায় অতীতে সবচেয়ে বেশি অনিয়মের অভিযোগ ওঠায় সেখানে কড়া নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। সেই লক্ষ্যেই চালু করা হচ্ছে 'জিও ফেন্সিং' প্রযুক্তি। সহজভাবে বলতে গেলে, যেখানে কাজ হবে সেই নির্দিষ্ট এলাকাকে ডিজিটালভাবে চিহ্নিত করে ভার্চুয়াল সীমানার মধ্যে রাখা হবে, যাতে প্রকল্পের কাজ ও উপস্থিতি আরও নির্ভুলভাবে পর্যবেক্ষণ করা যায়।

নতুন এই প্রযুক্তি ব্যবস্থায় কাজ শুরুর আগে সুপারভাইজারকে মোবাইল ফোনে নির্দিষ্ট কর্মস্থলের জিও-লোকেশন বা ম্যাপ চিহ্নিত করতে হবে। কাজ চলাকালীন কোনও শ্রমিক সেই নির্ধারিত এলাকার ১০ মিটারের মধ্যে থাকলেই তাঁর উপস্থিতি নথিভুক্ত হবে এবং পারিশ্রমিক পাওয়ার যোগ্য বলে গণ্য করা হবে। যদি কোনও শ্রমিক ওই এলাকা ছেড়ে বাইরে চলে যান, তবে সিস্টেমে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা দেখা যাবে। সেক্ষেত্রে তাঁকে অনুপস্থিত হিসেবে ধরা হবে এবং তাঁর মজুরি স্থগিত রাখা হবে। প্রশাসনের দাবি, এই প্রযুক্তি চালু হলে ভুয়ো হাজিরা, কাজ না করেই মজুরি তোলা কিংবা এক জায়গার কাজ অন্য জায়গার নামে দেখানোর মতো অনিয়ম অনেকটাই রোধ করা সম্ভব হবে। এর ফলে প্রকৃত উপভোক্তারাই সুবিধা পাবেন। আধিকারিকদের আশা, এই ব্যবস্থা ১২৫ দিনের কর্মসূচিতে আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে।

দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি ব্লকে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্য সরকারের ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পের কাজ। প্রাথমিকভাবে ভাঙড় ও সাগর ব্লকে এই কর্মসূচি চালু হলেও, ধাপে ধাপে জেলার সব ব্লক এবং মোট ৩১০টি গ্রাম পঞ্চায়েতে প্রকল্পটি সম্প্রসারিত করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, প্রতিটি কর্মক্ষেত্রে জিও-ফেন্সিং প্রযুক্তি ব্যবহার করে কাজ শুরু করা হবে। জেলার প্রতিটি ব্লকে প্রায় ৫০ হাজার জব কার্ডধারী এই প্রকল্পের আওতায় কাজের সুযোগ পাবেন। মজুরির ক্ষেত্রেও রয়েছে উল্লেখযোগ্য বৃদ্ধি। অদক্ষ শ্রমিকরা দৈনিক ৩০০ টাকা এবং অল্প দক্ষ শ্রমিকরা দৈনিক ৪৫০ টাকা করে মজুরি পাবেন। ফলে, ১০০ দিনের কাজের প্রকল্পে যে পারিশ্রমিক মিলত, তার তুলনায় এই প্রকল্পে শ্রমিকদের আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে।


Share