Fuel Price Hike

পুজোর আগে ফের জ্বালানির দামে ধাক্কা, পেট্রোলের দাম বাড়ল ৫ টাকা, ডিজেলে ৩

রবিবার, ১১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হয়েছে। তবে এই মূল্যবৃদ্ধি আপাতত শুধুমাত্র রিলায়েন্সের জিয়ো-বিপি পাম্পগুলিতেই প্রযোজ্য।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১১:৪২

পুজোর আগে ফের বাড়ল জ্বালানির খরচ। গাড়ি নিয়ে যাঁরা রাস্তায় বেরোন, তাঁদের পকেটে চাপ বাড়াল বেসরকারি জ্বালানি বিপণন সংস্থা জিয়ো-বিপি। পেট্রোলের দাম লিটারপিছু ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা বাড়ানো হয়েছে। রবিবার, ১১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হয়েছে। তবে এই মূল্যবৃদ্ধি আপাতত শুধুমাত্র রিলায়েন্সের জিয়ো-বিপি পাম্পগুলিতেই প্রযোজ্য। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি এখনও পর্যন্ত পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে।

এর আগে, গত ৩ অক্টোবর পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছিল বেসরকারি সংস্থা নায়ারা এনার্জি। ওই সংস্থাও পেট্রোলের দাম লিটারপিছু ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা বাড়িয়েছিল। ফলে অল্প সময়ের ব্যবধানে দেশের দুই বেসরকারি জ্বালানি বিপণন সংস্থার মূল্যবৃদ্ধিতে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের।

এখন প্রশ্ন, বেসরকারি সংস্থাগুলির পথে হেঁটে কি এবার জ্বালানির দাম বাড়াবে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলিও? এখনও পর্যন্ত ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর কোনও ঘোষণা করেনি। ফলে আপাতত ওই সংস্থাগুলির গ্রাহকদের জন্য স্বস্তি বজায় রয়েছে।

জ্বালানির দামের ওঠানামার পিছনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে নজর রাখছেন বিশেষজ্ঞরা। পশ্চিম এশিয়ায় অস্থিরতা কবে কাটবে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কবে কমবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এই পরিস্থিতিতে আগামী দিনে দেশের জ্বালানির বাজারে কী প্রভাব পড়ে, সেদিকেই নজর সাধারণ মানুষের। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে কত দিন অনড় থাকে, এখন সেটাই দেখার।


Share