FSSAI

পানমশলা বিক্রি বন্ধ নয়, বদলাচ্ছে প্যাকেট! প্লাস্টিক-ফয়েল নিষিদ্ধ করে কড়া নিয়ম এফএসএসএআইয়ের

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্লাস্টিক দিয়ে তৈরি প্যাকেটে পানমশলা বিক্রি করা যাবে না। প্লাস্টিকের পরিবর্তে অন্য কোনও উপাদান দিয়ে তৈরি প্যাকেট ব্যবহার করতে হবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ আগস্ট ২০২৬ ১০:৫৬

প্লাস্টিক বা অ্যালুমিনিয়ামের ফয়েল প্যাকেটে আর পানমশলা বিক্রি করা যাবে না। পানমশলার প্যাকেজিং নিয়ে নতুন নিয়ম জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতের খাদ্য সুরক্ষা ও মান নিয়ামক সংস্থা (এফএসএসএআই)। কী ধরনের প্যাকেটে পানমশলা বিক্রি করতে হবে, বিজ্ঞপ্তিতে তা-ও স্পষ্ট করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার তরফে সোমবার এ বিষয়ে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

২০১৮ সালের খাদ্য সুরক্ষা ও মান (প্যাকেজিং) নিয়ামক বিধিতে সংশোধন এনে পানমশলার প্যাকেজিং সংক্রান্ত নতুন নিয়ম যুক্ত করা হয়েছে। ‘খাদ্য সুরক্ষা ও মান (প্যাকেজিং) নিয়ামক সংশোধনী বিধি, ২০২৬’-এর মাধ্যমে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্লাস্টিক দিয়ে তৈরি প্যাকেটে পানমশলা বিক্রি করা যাবে না। প্লাস্টিকের পরিবর্তে অন্য কোনও উপাদান দিয়ে তৈরি প্যাকেট ব্যবহার করতে হবে। অর্থাৎ, পানমশলার প্যাকেজিংয়ের ক্ষেত্রে প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা যাবে না বলেই নতুন নিয়মে স্পষ্ট করা হয়েছে।

পানমশলার প্যাকেট কী দিয়ে তৈরি করা যাবে, এফএসএসএআই তা-ও স্পষ্ট করেছে। কাগজ, পেপারবোর্ড, সেলুলোজের মতো উপকরণ দিয়ে পানমশলার প্যাকেট তৈরি করতে হবে। কোনও ভাবেই প্যাকেজিংয়ের উপকরণে প্লাস্টিক রাখা যাবে না।

পলিথাইলিন, পলিপ্রপিলিন, পলিয়েস্টার বা পলিভিনাইল ক্লোরাইডের মতো প্লাস্টিকজাত উপকরণ দিয়ে পানমশলার প্যাকেট তৈরি করা যাবে না। একই ভাবে অ্যালুমিনিয়াম ফয়েল বা মেটালাইজড লেয়ারের মতো উপকরণ ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে টিন বা কাচের কৌটোয় পানমশলা বিক্রি করা যাবে।

সংশোধিত নিয়মে আরও বলা হয়েছে, ২০১৬ সালের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিধি এবং ১৯৮৬ সালের পরিবেশ (সুরক্ষা) আইন মেনেই পানমশলা প্যাকেটজাত করতে হবে। কেন্দ্রীয় সরকার পানমশলার প্যাকেজিং সংক্রান্ত সংশোধিত নিয়মের খসড়া চলতি বছরের ২৮ এপ্রিল প্রকাশ করেছিল। খসড়া নিয়ে সাধারণ মানুষের মতামতও চাওয়া হয়েছিল। মতামত জানানোর জন্য ৬০ দিন সময় দেওয়া হয়। এফএসএসএআই জানিয়েছে, সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া মতামত বিবেচনা করেই চূড়ান্ত সংশোধনী প্রকাশ করা হয়েছে।

তবে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, দেশে পানমশলা নিষিদ্ধ করা হচ্ছে না। বরং পানমশলা কী ভাবে প্যাকেটজাত করা হবে, তা নিয়েই নতুন নীতি প্রণয়ন করা হচ্ছে।


Share