Homeopathy Doctor

এ বার থেকে জন্ম-মৃত্যুর শংসাপত্র দিতে পারবেন হোমিওপ্যাথি চিকিৎসকেরাও, বিজ্ঞপ্তি জারি করে জানাল স্বাস্থ্য দফতর স্বীকৃতি

স্বাস্থ্য দফতরের বক্তব্য, সংশ্লিষ্ট চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আইন এবং বিধি অনুযায়ী স্বীকৃত যোগ্যতার ভিত্তিতেই ‘অন্তত একটি ডিগ্রি’ কথাটির ব্যাখ্যা করতে হবে। তবে শুধুমাত্র ডিগ্রি থাকলেই হবে না। সংশ্লিষ্ট চিকিৎসকের পেশাগত যোগ্যতা, বৈধ রেজিস্ট্রেশন এবং আইনত চিকিৎসা করার অধিকার থাকা বাধ্যতামূলক।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ১০:১১

নির্দিষ্ট শর্ত পূরণ হলেই বাড়ি বা হাসপাতালের বাইরে মৃত্যুর কারণ খতিয়ে দেখে শংসাপত্র দিতে পারবেন আয়ুষ বা হোমিওপ্যাথির চিকিৎসকেরা। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে স্বাস্থ্য দফতরের ব‍্যুরো অব হেলথ ইন্টেলিজেন্স।

পশ্চিমবঙ্গের জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধনী) বিধি, ২০২৬-এর ৫(৪) নম্বর বিধিতে ব্যবহৃত ‘অন্তত একটি ডিগ্রি’ কথাটির ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। সেই অস্পষ্টতা দূর করতেই নতুন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। তাতে বলা হয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ করলে ভারতীয় চিকিৎসা পদ্ধতি ও হোমিওপ্যাথি চিকিৎসকেরা বাড়িতে বা হাসপাতালের বাইরে হওয়া মৃত্যুর কারণের শংসাপত্র দিতে পারবেন। স্বাস্থ্য দফতরের বক্তব্য, সংশ্লিষ্ট চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আইন এবং বিধি অনুযায়ী স্বীকৃত যোগ্যতার ভিত্তিতেই ‘অন্তত একটি ডিগ্রি’ কথাটির ব্যাখ্যা করতে হবে। তবে শুধুমাত্র ডিগ্রি থাকলেই হবে না। সংশ্লিষ্ট চিকিৎসকের পেশাগত যোগ্যতা, বৈধ রেজিস্ট্রেশন এবং আইনত চিকিৎসা করার অধিকার থাকা বাধ্যতামূলক।

রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই নির্দেশ প্রতিটি জেলা এবং সমস্ত পুরসভা এলাকায় পাঠানো হয়েছে। জন্ম-মৃত্যু নিবন্ধনের দায়িত্বে থাকা আধিকারিকদেরও রাজ্যজুড়ে নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাড়িতে মৃত্যু হলে কাছাকাছি থাকা যোগ্য ও বৈধভাবে নথিভুক্ত হোমিওপ্যাথি (আয়ুষ) চিকিৎসকও নির্দিষ্ট নিয়ম মেনে মৃত্যুর কারণের শংসাপত্র দেওয়ার সুযোগ পাবেন। এত দিন বাড়িতে কারও মৃত্যু হলে মৃত্যুর কারণ উল্লেখ করে শংসাপত্র দিতে পারতেন এমবিবিএস উত্তীর্ণ চিকিৎসকের। দিতে পারতেন না হোমিওপ্যাথি বা আয়ুষ চিকিৎসকেরা। কেন তাঁরা চিকিৎসক হওয়া সত্ত্বেও শংসাপত্র দিতে পারতেন না তা নিয়ে সংশয় ছিল। এ দিন সেই বিভ্রান্তির অবসান ঘটাল রাজ্য স্বাস্থ্য দফতর।


Share