Crime Control

অপরাধ করে পালানোর পথ নেই! কলকাতা-সহ ছ’টি বিমানবন্দরের ক‍্যামেরার ফিড যাবে ‘ডেটা ফিউশন সেন্টারে’, ব‍্যবস্থায় পরিবর্তন আনতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক

তিনি সোমবার জানান, শুধু বিমানবন্দর নয়, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে বসানো প্রায় দেড় লক্ষ এফআরসি ক্যামেরার লাইভ ফিড এই ডেটা ফিউশন সেন্টারের সঙ্গে যুক্ত করা হবে। সেখানে বসেই আধিকারিকেরা নজরদারি চালাবেন।

কলকাতা বিমানবন্দর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১১:৩৬

অপরাধ করে পালানোর আর পথ নেই। দেশের ছ’টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের এফআরসি ক‍্যামেরার ফিড সরাসরি ‘ডেটা ফিউশন সেন্টার’-এ পাঠাবে স্বরাষ্ট্রমন্ত্রক। কলকাতা-সহ দেশের মোট ছ’টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর তালিকায় রয়েছে বলে সূত্রের খবর।

সোমবার দিল্লির সিজিও কমপ্লেক্সে সিআইএসএফ-এর সদর দফতরে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে গিয়ে সিআইএসএফ-এর ডিজি প্রবীর রঞ্জন জানান, দেশের সমস্ত বড় বিমানবন্দরে ফেসিয়াল রিকগনিশন ক‍্যামেরা বা এফআরসির ফিড একটি ‘ডেটা ফিউশন সেন্টার’-এর সঙ্গে যুক্ত করা হবে। এই ‘ডেটা ফিউশন সেন্টার’ দিল্লিতে তৈরি হবে। তিনি সোমবার জানান, শুধু বিমানবন্দর নয়, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে বসানো প্রায় দেড় লক্ষ এফআরসি ক্যামেরার লাইভ ফিড এই ডেটা ফিউশন সেন্টারের সঙ্গে যুক্ত করা হবে। সেখানে বসেই আধিকারিকেরা নজরদারি চালাবেন।

কলকাতা ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রকের তালিকায় রয়েছে, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং চেন্নাই বিমানবন্দরের নাম। এই ছ’টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে থাকা ফেসিয়াল রিকগনিশন ক্যামেরাগুলিকে আরও উন্নত করে ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড (NATGRID)-এর সঙ্গে যুক্ত করতে প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে রিয়েল টাইম নজরদারি করতে সুবিধা হবে। সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তকরণ পদ্ধতিতে পরিবর্তন আসবে। এর ফলে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলিকে সহায়তা করা সহজ হবে বলে এক সিআইএসএফ আধিকারিক জানিয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যগুলিকে এই প্ল্যাটফর্মের সাহায্য নিয়ে বিভিন্ন তথ‍্যমালা (ডেটাসেট) ব‍্যবহার করার জন্য উৎসাহিত করেছে। এর মধ্যে রয়েছে— ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, আধার, বিমান সংক্রান্ত তথ্য, ব্যাঙ্ক রেকর্ড, বিদেশি ও ভারতীয় নাগরিকদের ভ্রমণ সংক্রান্ত তথ্য, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (FIU)-এর সন্দেহজনক লেনদেনের রিপোর্ট, মোবাইল সংক্রান্ত তথ্য এবং সমাজমাধ্যমের পোস্ট থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ব্যবস্থা।

‘ডেটা ফিউশন সেন্টার’ হল এমন একটি প্রক্রিয়া যেখানে বিভিন্ন উৎস থেকে আলাদা করে তথ‍্য আসে। সেই একত্রিত করে একটি সমন্বিত করে তথ‍্যভান্ডার তৈরি করা হয়। যাতে তা ব‍্যবহার করে বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। কোনও ব্যক্তি আগে কোথাও শনাক্ত হয়েছে কি না, তাঁর কোনও সন্দেহজনক গতিবিধি আছে কি না, পূর্বের কোন ঘটনার সঙ্গে তাঁর যোগসূত্র আছে কি না— এ সব আলাদা আলাদা তথ‍্য একসঙ্গে বিশ্লেষণ করলে সিস্টেম তা বুঝতে পারবে। তদন্তকারীদের তা দেখে পদক্ষেপ করতে সুবিধা হবে।


Share