Road Accident

মা ফ্লাইওভারে বিপত্তি, ডিভাইডার টপকে উলটো লেনে গাড়ি, মুখোমুখি সংঘর্ষে আহত চারজন

বিপরীত দিক থেকে আসা অন্য গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত চারজন। দুর্ঘটনার জেরে সাময়িক যানজট তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ০১:০৫

মা ফ্লাইওভারে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে উলটো দিকের লেনে ঢুকে পড়ল একটি গাড়ি। উলটো দিক থেকে আসা অন্য একটি প্রাইভেট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হলেন অন্তত চারজন। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনার জেরে ফ্লাইওভারে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা গিয়েছে, শনিবার সকালে পার্ক সার্কাসের দিক থেকে একটি গাড়ি আসছিল। আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে বিপরীত লেনে চলে যায়। ঠিক সেই সময় উলটো দিক থেকে একটি প্রাইভেট গাড়ি আসছিল। কোনও কিছু বুঝে ওঠার আগেই দু'টি গাড়ির মধ্যে সজোরে সংঘর্ষ হয়। ধাক্কার অভিঘাতে দু'টি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। এমনকী সংঘর্ষের জেরে দু'টি গাড়িরই এয়ারব্যাগ খুলে যায়।

এই দুর্ঘটনায় দু'টি গাড়িতে থাকা অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, পার্ক সার্কাসের দিক থেকে আসা গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ডিভাইডার পেরিয়ে বিপরীত লেনে সেটি ঢুকে পড়ে। এরপরই ঘটে মুখোমুখি সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দুর্ঘটনাগ্রস্ত দু'টি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণে সাময়িক যানজট তৈরি হলেও গাড়ি সরানোর পর ফের যান চলাচল স্বাভাবিক হয়।


Share