Special Intensive Rivision

এসআইআর ট্রাইবুনাল থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগ, ২৭ লক্ষ মামলার নিষ্পত্তি ঘিরে বাড়ল অনিশ্চয়তা

এর আগেও বিচারপতি শিবজ্ঞানমের ইস্তফার পর বিহারের এক অবসরপ্রাপ্ত বিচারপতি ট্রাইবুনাল ছেড়েছিলেন। এ বার সেই তালিকায় যুক্ত হলেন বিচারপতি রঞ্জিতকুমার বাগ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ০৩:৫৮

এসআইআরের ট্রাইবুনাল থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগ। ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি দায়িত্ব ছেড়েছেন। এর আগে গত মে মাসে একই ট্রাইবুনাল থেকে ইস্তফা দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন বিবেচনাধীন তালিকায় থাকা নামগুলির নিষ্পত্তির দায়িত্ব সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টের উপর ন্যস্ত করেছিল। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি ট্রাইবুনাল গঠন করা হয়। সেই ট্রাইবুনালই ভোটার তালিকায় অন্তর্ভুক্তি বা বাদ পড়া সংক্রান্ত আপত্তির শুনানি ও নিষ্পত্তির কাজ করছে। বিচারপতি বাগও সেই ট্রাইবুনালের সদস্য ছিলেন এবং একাধিক মামলার নিষ্পত্তি করেছেন।

সূত্রের খবর, এসআইআরের বিবেচনাধীন তালিকায় থাকা প্রায় ২৭ লক্ষ নাম ট্রাইবুনালের শুনানির জন্য পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত মাত্র ২৮ থেকে ৩০ হাজার মামলার নিষ্পত্তি হয়েছে। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০টির বেশি মামলার শুনানি শেষ করা সম্ভব হচ্ছে না। ট্রাইবুনালের সঙ্গে যুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি ও আধিকারিকদের অভিযোগ, পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় কাজের গতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তাঁদের দাবি, আদালতের মতোই প্রতিটি মামলায় নথি খুঁটিয়ে পরীক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে আবেদনকারীকে সশরীরে হাজির হতে নোটিশ পাঠাতে হচ্ছে। কিন্তু আদালতের মতো প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রযুক্তিগত পরিকাঠামো ট্রাইবুনালের হাতে নেই। নির্দিষ্ট ওয়েবসাইট বা নোটিশ জারির স্বতন্ত্র ব্যবস্থা না থাকায় অধিকাংশ ক্ষেত্রেই জেলাশাসকদের উপর নির্ভর করতে হচ্ছে। ফলে শুনানির কাজ এগোচ্ছে ধীর গতিতে।

নির্বাচন কমিশন সূত্রের দাবি, বর্তমান গতিতে কাজ চললে সমস্ত বিবেচনাধীন মামলার নিষ্পত্তি করতে প্রায় ২৫ বছর সময় লেগে যেতে পারে। এর আগেও বিচারপতি শিবজ্ঞানমের ইস্তফার পর বিহারের এক অবসরপ্রাপ্ত বিচারপতি ট্রাইবুনাল ছেড়েছিলেন। এ বার সেই তালিকায় যুক্ত হলেন বিচারপতি রঞ্জিতকুমার বাগ।


Share