Arrest TMC Leader

সকালে নির্মল, রাতেই সঞ্জীব! মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আরজি কর-কাণ্ডে জোড়া গ্রেফতার, পুলিশের স্ক্যানারে সোমনাথও

তবে, নির্মল ও সঞ্জীব ছাড়া আরও এক অভিযুক্ত সোমনাথ দে-র বিরুদ্ধেও তিলোত্তমার বাবা অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ পাওয়ার পরই তদন্তে তৎপর হয় পুলিশ প্রশাসন।

গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ আগস্ট ২০২৬ ০৯:৩৫

সকালে নির্মল ঘোষ। রাতেই সঞ্জীব মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই তড়িঘড়ি অ্যাকশন পুলিশের। বৃহস্পতিবার রাতেই পানিহাটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার বাবার নতুন করে দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতার বলে জানা গিয়েছে।

নির্মল ঘোষের গ্রেফতারের পর পুলিশের স্ক্যানারে ছিল সঞ্জীব মুখোপাধ্যায়। এরপর গত রাতেই খড়দহ থানার পুলিশ সঞ্জীবকে গ্রেফতার করে। তবে নির্মল ও সঞ্জীব ছাড়া আরও এক অভিযুক্ত সোমনাথ দে-র বিরুদ্ধেও তিলোত্তমার বাবা অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ পাওয়ার পরই তদন্তে তৎপর হয় পুলিশ প্রশাসন। একের পর এক অভিযানে অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে। ফলে আরজি কর-কাণ্ডের তদন্তে নতুন মোড় তৈরি হয়েছে।

সূত্রের খবর, আরজি কর-কাণ্ডে নতুন করে তদন্ত শুরু হওয়ার পর থেকেই সঞ্জীব মুখোপাধ্যায় গা-ঢাকা দিয়েছিলেন। জানা গিয়েছে, অভয়ার বাড়ির কাছেই সঞ্জীবের বাড়ি। তবে এই মামলায় নাম থাকা তৃতীয় অভিযুক্ত সোমনাথ দে এখনও অধরা। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। নির্যাতিতার দেহ তড়িঘড়ি শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করা, তথ্য ও প্রমাণ লোপাট এবং ধ্বংসের চেষ্টা-সহ তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পাশাপাশি, ধৃতদের বিরুদ্ধে তদন্তের প্রাথমিক পর্যায়কে ভুল পথে চালিত করার ষড়যন্ত্রের অভিযোগও উঠেছে।


Share