Defence Production

গার্ডেনরিচে যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ‍্যে পাঁচটি প্রকল্পের শিলান্যাস করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বিনিয়োগ হবে তিন হাজার কোটি টাকা, বললেন মুখ্যমন্ত্রী

বলেন, “উদ্দেশ্য সৎ থাকলে উন্নয়নকে কেউ আটকাতে পারে না।” রাজনাথ মনে করছেন, রাজ্যে শিল্পে বিনিয়োগের ফলাফল সুদূরপ্রসারী হবে। তার প্রভাবে কর্মসংস্থান বাড়বে। অপর দিকে, অনুসারী শিল্পগুলির প্রসারও হবে।

(বাঁ দিক থেকে) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ আগস্ট ২০২৬ ০৬:৩৬

পালাবদলের পরে রাজ‍্যে বিনিয়োগের নতুন আবহ তৈরি হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রেও নতুন দিক খুলে গিয়েছে। রবিবার গার্ডেনরিচে শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ার্সের যুদ্ধজাহাজ প্রকল্পের পাঁচটি প্রকল্পের শিলান্যাস করে এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, এই প্রকল্পের ফলে রাজ‍্যে তিন হাজার ৪০০ কোটি টাকা বিনিয়োগ হবে।

এ দিনের সভা থেকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, “রাজ‍্যের বাতাসে এখন নতুন গন্ধ। এই পরিবর্তন শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তন নয়। উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া চর জন‍্যই এই পরিবর্তন।” তাঁর কথায়, বিগত দিনে রাজ্যে শিল্প বন্ধ হওয়ার কথা শোনা গেলেও বর্তমানে শুধু নতুন বিনিয়োগ এবং শিল্প প্রকল্পের কথা শোনা যাচ্ছে। বর্তমান রাজ‍্য সরকার শিল্পের সঙ্গে বিকাশ এবং উন্নয়নের লক্ষ্যেই কাজ করে চলেছে। বলেন, “উদ্দেশ্য সৎ থাকলে উন্নয়নকে কেউ আটকাতে পারে না।” রাজনাথ মনে করছেন, রাজ্যে শিল্পে বিনিয়োগের ফলাফল সুদূরপ্রসারী হবে। তার প্রভাবে কর্মসংস্থান বাড়বে। অপর দিকে, অনুসারী শিল্পগুলির প্রসারও হবে।

প্রতিরক্ষা ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কী ভূমিকা ছিল তা নিয়েও প্রশংসা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেছেন, গোটা রাজ্য এখন বন্দেমাতরম ধ্বনি দিচ্ছে। নবজাগরণের সাক্ষী থেকেছে রাজ‍্যবাসী। জিআরএসই-র নতুন প্রকল্পগুলিকে ঘিরে রাজ‍্যে একাধিক অনুসারী শিল্প গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “একসাথে পাঁচটি প্রকল্পের ভূমিপুজো হয়েছে। এটা রাজ‍্যবাসীর জন‍্য শুভদিন। এই প্রকল্পকে কেন্দ্র করে দক্ষ এবং অদক্ষ কর্মসংস্থান তৈরি হবে।” এই পাঁচটি প্রকল্পে মোট তিন হাজার ৪০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ‍্যমন্ত্রী শুভেন্দু আগের সরকারের ভূমিকা নেতিবাচক ছিল বলেও মন্তব্য করেন। তিনি বলেন, “আগের সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে একযোগে কাজ করতে অনিচ্ছুক ছিল। নতুন সরকার সেই নেতিবাচকতার অবসান ঘটিয়েছে। সীমান্ত সুরক্ষার ক্ষেত্রেও রাজ্য সরকার পদক্ষেপ করেছে। বিএসএফকে প্রয়োজনীয় জমির প্রায় ৯০ শতাংশ দেওয়া হয়ে গিয়েছে।” অগ্নিবীরদের জন্য ২০ শতাংশ সংরক্ষণের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিপর্যয় মোকাবিলায় আগামী সেপ্টেম্বর থেকে ‘অর্জুন বাহিনী’ গঠনের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির কেন্দ্রীয় এবং রাজ‍্যের নেতারা মনে করছেন, জিআরএসই-তে পাঁচটি প্রকল্পের শিলান্যাসের ফলে রাজ‍্যে প্রতিরক্ষা উৎপাদন, শিল্পায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলতে চলেছে।


Share