Fire Incident

সাউথ সিটির ২৭ তলায় আগুন, আতঙ্কে আবাসিকরা! ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন

লিফট বন্ধ থাকায় আবাসিকদের সিঁড়ি দিয়ে নামানো হয়েছে। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।

সাউথ সিটির ২৭ তলায় আগুন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১১:০৯

ফের অগ্নিকাণ্ড। কলকাতার অন্যতম অভিজাত আবাসন সাউথ সিটি। শুক্রবার সকালে সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ালো। আবাসনের তিন নম্বর টাওয়ারের ২৭ তলায় আগুন লাগে। সার্ভেন্টস কোয়ার্টারের পাশেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। খবর পেয়ে দমকলের সাতটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ নির্বাপিত হয়নি বলে খবর।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই আবাসনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলত লিফট পরিষেবাও বন্ধ হয়ে যায়। বাসিন্দাদের সিঁড়ি দিয়ে নীচে নামতে হয়। শিশু ও বৃদ্ধদের নামিয়ে আনতেও যথেষ্ট সমস্যায় পড়তে হয়। আতঙ্কের মধ্যে সিঁড়িতে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে, ২৭ তলায় আগুন লাগায় দমকল কর্মীদেরও আগুনের উৎসে পৌঁছোতে বেগ পেতে হয়।

যাদবপুর থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছোয়। সাউথ সিটি রেসিডেন্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবাশিস বসু জানান, ৩ নম্বর টাওয়ারে আগুন লেগেছে। বাসিন্দাদের নিরাপদে নীচে নামিয়ে আনার কাজ চলছে। পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।

কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। দমকলের তরফে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে বলে জানানো হয়েছে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে থাকলেও সম্পূর্ণ নির্বাপণের কাজ চলছে। অগ্নিকাণ্ডে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি।


Share