Biswa Bangla Fire

দশমীর সন্ধ্যায় বিশ্ব বাংলা রেস্তোরাঁয় আগুন, ফুলকি এসে পড়ল রাস্তায়, ঘটনাস্থলে দমকল, উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আপাতত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার জেরে গেটের নিচ দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। ছুটির দিনে ট্রাফিক কম থাকায় যানজট পরিস্থিতি তৈরি হয়নি বলেই এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।

বিশ্ব বাংলা রেস্তোরাঁয় আগুন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৬ ০৮:৩০

দশমীর সন্ধ্যায় আচমকা নিউ টাউনের বিশ্ব বাংলা রেস্তরাঁয় আগুন। আগুনের ফুলকি সোজা এসে পড়ল নিচের রাস্তায়। ঘটনার খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন সেখানে পৌঁছেছে। কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে হতাহতের খবর মেলেনি।

স্থানীয় সূত্রের খবর, দশমীর সন্ধ্যায় আচমকাই ওই গোলাকৃতি ওই রেস্তোরাঁর গেটের আগুন দেখা যায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ওই উচ্চতা থেকে আগুনের ফুলকি নিচে এসে পড়ে। জানা গিয়েছে, দশমী উপলক্ষে সেই সময় বেশ কয়েক জন মানুষ সেখানে এসেছিলেন। ঘটনার পরে চাঞ্চল্য ছড়ায়। সবাইকেই নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে। হতাহতের খবর আপাতত পাওয়া যায়নি। তবে ঘটনার জেরে গেটের নিচ দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। ছুটির দিনে ট্রাফিক কম থাকায় যানজট পরিস্থিতি তৈরি হয়নি বলেই এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন সেখানে পৌঁছেছে। তাঁরা হিডকোর র‍্যাডার ব‍্যব্যবহার করে ওপরে উঠে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কী কারণে আগুন লাগল তা এখনও নয়। তবে বিষয়টি নিয়ে তদন্ত হবে বলে এক দমকলের আধিকারিক জানিয়েছেন। আদৌ অগ্নিনির্বাপণ সংক্রান্ত নিয়মকানুন মানা হয়েছিল কি না তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, গত ২০১৯ সালে জানুয়ারি মাসে এই রেস্তোরাঁর উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘিঞ্জি শহরের মাঝে উচ্চতায় একটি গোলাকৃতি একটি রেস্তোরাঁ বানিয়েছিলেন। সুরক্ষা নিয়ে আগেও নানা মহলে প্রশ্ন উঠলেও তাতে কেউই কর্ণপাত করেনি। নতুন সরকার গঠনের পরে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে তৎপরতা দেখা গিয়েছে। এই ঘটনার পরে সুরক্ষার প্রশ্নে এই সরকার কোনও পদক্ষেপ করে কি না সেটাই দেখার।


Share