Peerless Hotel

শহরের নামী হোটেল থেকে বাংলাদেশি নাগরিকের কয়েক হাজার টাকা চুরি! সিসি ক্যামেরা দেখে তদন্তে পুলিশ

শুক্রবার ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ পুলিশ খতিয়ে দেখছে। ঘটনায় হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও কোনও অভিযোগ থানায় দায়ের হয়নি বলেই পুলিশ জানিয়েছে।

ধর্মতলার পিয়ারলেস হোটেল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৪

ধর্মতলার নামী হোটেলের ঘর থেকে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রের খবর, ওই ঘরে বাংলাদেশের একটি পরিবার ছিলেন। ঘটনার পরে হোটেলে পুলিশ যায়। হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে লালবাজার জানিয়েছে।

শুক্রবার ধর্মতলার পিয়ারলেস হোটেলে ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, ওই গেটের ন’তলায় একটি ঘরে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বাংলাদেশের এক ব্যক্তি তাঁর স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে উঠেছিলেন। তাঁরা বাংলাদেশে ঢাকার বাসিন্দা। বৈধ ভিসা নিয়েই তাঁরা এখানে এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এ দিন সকালে তাঁরা মার্কেটের কেনাকাটা করতে বেরিয়েছিলেন। সেখান থেকে হোটেলে ফিরে নিজের ঘরে আসেন। তাঁরা লক্ষ্য করেন, তাঁদের ব‍্যাগ থেকে ৫০ হাজার টাকা নগদ চুরি হয়ে গিয়েছে। পাশাপাশি তাঁর স্ত্রী-র কিছু গয়নাও চুরি হয়ে গিয়েছে। নিউ মার্কেট থানার পুলিশ পিয়ারলেস হোটেলে আসে।

বাংলাদেশের নাগরিকেরা যে ঘরে ছিলেন সেই ঘরটি পরিদর্শন করেছেন। পুলিশ রিসেপশনে থাকা কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন। তবে তাঁরা যখন পরিবার নিয়ে কেনাকাটা করতে বেরিয়েছিলেন তখন ঘরটি বন্ধ ছিল বলেই দাবি করেছেন। তাহলে ঘর খুলল কে, ঘটনায় হোটের কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

তবে ওই বাংলাদেশি নাগরিক এই ঘটনায় নিউ মার্কেট থানায় এখনও কোনও অভিযোগ দায়ের করেননি বলেই লালবাজারের এক কর্তা জানিয়েছেন।


Share