Fake CBI

ভুয়ো সিবিআই আধিকারিক সেজে সোজা নিজাম প্যালেসের এসএসসি দফতরে হানা! গ্রেফতার তিনজন, বাজেয়াপ্ত গাড়ি

ধৃত তিন জনকে বুধবার আলিপুর আদালতে হাজির করানো হয়েছে। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন জানানো হয়েছে। এই চক্রের পিছনে আর কে আছে তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে এক পুলিশকর্তা জানিয়েছেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৬ ০৬:৩৯

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সিবিআই আধিকারিক সেজে স্টাফ সিলেকশন কমিশনের দফতরে হানা দেয়। দেখতে চাওয়া চাওয়া হয় নথিপত্র। তাঁদের পরিচয়পত্র দেখে সন্দেহজনক মনে হলে পুলিশকে ডাকেন তাঁরা। তিন জনকে ঘটনায় গ্রেফতার করা হয়েছে। বুধবার ধৃতদের আদালতে হাজির করানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

অভিযোগ, সোমবার দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ তিনজন একটি টাটা নেক্সন গাড়ি নিয়ে এজেসি বসু রোডের নিজাম প্যালেসে আসেন। গাড়িতে ভারত সরকার লেখা ছিল। ডেপুটি সুপারের গাড়ি বলে পরিচয় দেওয়া হয়। এরপর তাঁদের মধ্যে দু’জন নিজাম প্যালেসের প্রথম এমএসও বিল্ডিংয়ের অষ্টম তলায় অবস্থিত স্টাফ সিলেকশন কমিশনের (পূর্বাঞ্চলীয় শাখা) দফতরে যান।

সেখানে কর্তব্যরত কর্মীদের সঙ্গে কথা বলেন। অভিযুক্ত বিপ্রর্ষী বসু, শুভমসাগর তাঁতি নিজেদের সিবিআই আধিকারিক হিসেবে পরিচয় দেন। বিপ্রর্ষী নিজেকে সিবিআইয়ের ডেপুটি সুপার এবং শুভমসাগর তাঁতি নিজেকে ওই সংস্থার সাব-ইনস্পেক্টর হিসেবে পরিচয় দেন। এই পরিচয় প্রতিষ্ঠার জন্য তাঁরা ভুয়ো পরিচয়পত্র দেখান। পাশাপাশি এসএসসি পরীক্ষার্থীদের সম্পর্কিত নথিপত্র দেখাতে শুরু করেন। 

পুলিশ সূত্রের খবর, তাঁরা কিছু পরীক্ষার্থীর গোপন নথি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। তার জন‍্য যে পরিচয়পত্র দেখানো হয়েছে তা জাল ছিল। এর পরে স্টাফ সিলেকশন কমিশনের পূর্বাঞ্চলীয় কর্মকর্তা সহকারী ডিরেক্টর সুরজিৎ বসাকের সন্দেহ হয়। এর পরেই তিনি ভবানীপুর থানায় খবর দেন। পরে দু’জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। 

সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করার সিবিআই আধিকারিকদের পরিচয়পত্র জাল করে সেখানে যাওয়ার বিষয়টি স্বীকার করেন। দু’জনকে পুলিশ গ্রেফতার করে। তাঁদের দেওয়া তথ‍্যের ভিত্তিতে এর পরে নিজাম প্যালেস চত্বর থেকে টাটা নেক্সন গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি, তাঁর সহযোগী পল্লব মণ্ডলকেও গ্রেফতার করা হয়েছে।

ধৃত তিন জনকে বুধবার আলিপুর আদালতে হাজির করানো হয়েছে। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন জানানো হয়েছে। এই চক্রের পিছনে আর কে আছে তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে এক পুলিশকর্তা জানিয়েছেন। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৬(২), ৩৩৬(৩), ৩৪০(২), ৩৩৯, ৩১৮(২), ৩১৯(২), ২০৪, ২০৫ এবং ৬১(২) নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।


Share