Facebook

আচমকা বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট! ডেস্কটপে লগ-ইন থেকে পোস্ট সবই বন্ধ, ভোগান্তিতে লক্ষ লক্ষ ব্যবহারকারী

ভারতীয় সময় দুপুর একটা নাগাদ সমস্যা শুরু হওয়ার পর থেকেই লক্ষ লক্ষ ব্যবহারকারী ভোগান্তির মুখে পড়েন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৬ ০৩:২০

রবিবার দুপুরে আচমকাই বিশ্বজুড়ে পরিষেবায় বিভ্রাট দেখা দিল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে। ভারতীয় সময় দুপুর একটা নাগাদ সমস্যা শুরু হওয়ার পর থেকেই লক্ষ লক্ষ ব্যবহারকারী ভোগান্তির মুখে পড়েন। বিশেষ করে ডেস্কটপ বা কম্পিউটারের মাধ্যমে ফেসবুক ব্যবহার করতে গিয়ে বহু গ্রাহক লগইন ও অন্যান্য পরিষেবা ব্যবহারে সমস্যার সম্মুখীন হন।

সূত্রের খবর, রবিবার দুপুর থেকেই ফেসবুকের ডেস্কটপ পরিষেবায় প্রযুক্তিগত সমস্যার দেখা দিয়েছে। কম্পিউটার বা ল্যাপটপ থেকে ফেসবুকে লগ-ইন করার চেষ্টা করলে স্ক্রিনে ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে উপলব্ধ নয়’ বার্তা দেখা যাচ্ছে। ফলে ব্যবহারকারীরা নতুন পোস্ট করা, মেসেজ আদান-প্রদান বা নিউজ ফিডের আপডেট দেখার মতো একাধিক পরিষেবা ব্যবহার করতে পারছেন না। তবে আপাতত এই সমস্যার প্রভাব মোবাইল অ্যাপে পড়েনি। স্মার্টফোনে ফেসবুক অ্যাপ ব্যবহারকারীরা এখনও স্বাভাবিকভাবেই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারছেন।

বিভ্রাটের খবর প্রকাশ্যে আসতেই হাজার হাজার ব্যবহারকারী এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিতে শুরু করেন। অনেকে লগ-ইন, পোস্ট দেখা ও রিফ্রেশ সংক্রান্ত সমস্যার কথা জানান। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই সমস্যা শুধু ভারতে নয়, বিশ্বের একাধিক দেশেই দেখা দিয়েছে। ইতিমধ্যেই এক লক্ষেরও বেশি ব্যবহারকারী পরিষেবা বিভ্রাটের অভিযোগ নথিভুক্ত করেছেন। তবে ফেসবুকের মূল সংস্থা ‘মেটা’-র পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ঠিক কী কারণে এই প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়েছে বা কবে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়েও স্পষ্ট কোনও তথ্য মেলেনি। ফলে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি ব্যবসায়িক কাজেও ফেসবুকের উপর নির্ভরশীল বহু ব্যবহারকারী সমস্যায় পড়েছেন। এখন মেটা কী পদক্ষেপ নেয় এবং কবে পরিস্থিতি স্বাভাবিক হয়, সেদিকেই নজর সকলের।


Share