Metro Railway

রাসপূর্ণিমায় বাড়তি মেট্রো, ২৩ ও ২৪ নভেম্বর ব্লু লাইনে মিলবে অতিরিক্ত পরিষেবা

আগামী ২৩ ও ২৪ নভেম্বর শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটের ব্লু লাইনে এক জোড়া অতিরিক্ত মেট্রো চালানো হবে। রবিবার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৬ ১০:১৯

রাসপূর্ণিমা উপলক্ষ্যে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী ২৩ ও ২৪ নভেম্বর শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটের ব্লু লাইনে এক জোড়া অতিরিক্ত মেট্রো চালানো হবে। রবিবার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ওই দু'দিন ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ২৫৪টি মেট্রো চলবে। শহিদ ক্ষুদিরাম ও দমদম স্টেশন থেকে প্রথম মেট্রো নির্ধারিত সময়েই পাওয়া যাবে। তবে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ৫০ মিনিটে।

অন্য দিকে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ২১২টি মেট্রো চলবে। এই রুটে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটেও পরিষেবা শুরুর ও শেষের সময়ে বদল হচ্ছে না। একইভাবে পার্পল ও অরেঞ্জ লাইনেও স্বাভাবিক সময়সূচি মেনেই মেট্রো চলবে।

উল্লেখ্য, রাসপূর্ণিমাকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসবের প্রস্তুতি চলছে। কোচবিহার থেকে নবদ্বীপ, শান্তিপুর, তমলুক কিংবা ঘাটাল—বিভিন্ন জায়গায় রাস উৎসবের বিশেষ ঐতিহ্য রয়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, ২৩ নভেম্বর রাত ১১টা ৪৪ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হয়ে ২৪ নভেম্বর রাত ৮টা ২৪ মিনিটে শেষ হবে। অন্যদিকে, গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে ২৩ নভেম্বর রাত ১০টা ৫০ মিনিট ২৯ সেকেন্ডে তিথি শুরু হয়ে ২৪ নভেম্বর রাত ৯টা ২০ মিনিটে শেষ হবে। রাস উৎসবের ভিড় সামাল দিতে যাত্রীদের সুবিধার্থেই বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।


Share