SSC Scam

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষাসচিবকে তলব করল ইডি, প্রাক্তন তৃণমূল নেতা কু্ন্তল ঘোষকেও সিজিও কমপ্লেক্সে দিতে হবে হাজিরা

২০২২ সালের জুলাই মাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। দীর্ঘ তল্লাশির পর ইডি অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছিল। তার পরেই দু’জনকে গ্রেফতার করা হয়।

(বাঁ দিক থেকে) প্রাক্তন শিক্ষাসচিব মনীশ জৈন এবং প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ০১:৪৬

বিধানসভা নির্বাচনের আগে আবার সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় এ বার রাজ্যের প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈনকে ইডি তলব করা হয়েছে। একই সঙ্গে  হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকে ইডি তলব করেছে বলে জানা গিয়েছে। ইডি সূত্রের খবর, আগামী সপ্তাহে তাঁদের দু’জনকে কলকাতার ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। অন‍্যদিকে, চলতি মাসেই এই মামলার তদন্তে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করা হয়েছে।

এর আগে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন যুবনেতা কুন্তলকে গ্রেফতার করেছিল ইডি এবং সিবিআই। কুন্তল বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আগেও আইএএস অফিসার মণীশ জৈনকে তলব করেছিল। সিবিআই দফতরে গিয়ে হাজিরাও দিয়েছিলেন মনীশ। এ বার এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তলব করা হল কুন্তল এবং মণীশকে। ইডির সূত্রের খবর, আগামী ১৬ এবং ১৮ মার্চ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করা হয়েছে। ইডি সূত্রে আরও জানা গিয়েছে, কেবল পার্থ-অর্পিতাই নন, এই মামলার তদন্তে আরও কয়েক জনকে চলতি মাসেই তলব করার পরিকল্পনা রয়েছে তদন্তকারীদের।

উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। দীর্ঘ তল্লাশির পর ইডি অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছিল। তার পরেই দু’জনকে গ্রেফতার করা হয়। পরে সিবিআই-এর এসএসসি এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থকে গ্রেফতার দেখানো হয়। যদিও এসএসসি দুর্নীতি মামলায় এর আগে কখনও পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেনি ইডি।


Share